
শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করতে চলেছে মহম্মদ ইউনুসের সরকার
শেষ আপডেট: 16 April 2025 15:06
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২০ এপ্রিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি-ICT) শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করতে চলেছে মহম্মদ ইউনুসের সরকার। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী (Against Humanity) ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে সরকার। হাসিনার অনুপস্থিতিতে শুনানি শুরুর তোড়জোড় শুরু করেছে ট্রাইব্যুনাল (international crim)। অক্টোবরের মধ্যে শুনানি শেষ করে সাজা ঘোষণা করার পরিকল্পনা নিয়ে এগচ্ছে ইউনুস সরকার। মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দলটি।
ট্রাইব্যুনালে সরকার পক্ষের আইনজীবী তাজুল ইসলাম আগেই জানিয়েছেন, গত বছর গণ অভ্যুত্থান ঠেকাতে হাসিনার নির্দেশেই পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল। এই মর্মে পর্যাপ্ত প্রমাণ তদন্তকারীরা সংগ্রহ করেছেন। হত্যার পর লাশ গুম করা হয় তাঁর নির্দেশে, দাবি তাজুল ইসলামের।
দলীয় সভাপতির বিরুদ্ধে চার্জশিট জমার প্রতিবাদে আগামী রবিবার দেশে- বিদেশে বড় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লিগ (Awami League)। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম বলেন, অবৈধ আইসিটি আদালতে আওয়ামী লিগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট প্রদান কার্যক্রম প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লিগ তীব্র প্রতিবাদ সংঘটিত করবে।
তিনি জানান, ২০ তারিখ সারা দেশে সকল জেলায় কালো পতাকা নিয়ে এবং মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হবে।
এছাড়া, ২০, ২১ বা ২২ এপ্রিল (সুবিধাজনক তারিখে) বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলিতে কালো পতাকা নিয়ে, মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ এবং স্মারক লিপি প্রদান করবে দল। দলীয় সুত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ ২৮টি দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সর্ব ইউরোপীয় আওয়ামী লিগের সভাপতি এম নজরুল ইসলাম বলেন, বড় মাপের প্রতিবাদ সংঘটিত করার চেষ্টা চলছে। দলীয় সুত্রে জানা গিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার শেখ হাসিনা দেশ ও বিদেশের বেশ কয়েকটি দেশের আওয়ামী লিগ সমর্থকদের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন।