
ভারত - বাংলাদেশ
শেষ আপডেট: 3 December 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো: আগরতলায় অবস্থিত তাদের সহকারী হাই কমিশনারের অফিস বন্ধ করে দিল বাংলাদেশের মহম্মদ ইউনুস সরকার। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রক। কূটনৈতিক মহল মনে করছে, এই সিদ্ধাতের মাধ্যমে নয়াদিল্লির সঙ্গে দূরত্ব বাড়ানোর বার্তা দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
এর আগে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ সরকার। সরকারি সূত্রের খবর, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে দেখা করেন ভার্মা। বৈঠকে আগরতলায় বাংলাদেশ দূতাবাসের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানায় বাংলাদেশ।
কূটনৈতিক মহল এই সিদ্ধান্তকে বাংলাদেশের তরথে সংঘাতের বার্তা বলেই মনে করছিল। সন্ধ্যায় বাংলাদেশ সরকার আরও এককদম এগিয়ে আগরতলার দূতাবাস বন্ধ রাখার কথা ঘোষণা করে।
যদিও আগরতলার ঘটনায় ভারত সরকার দুঃখ প্রকাশ ও নিন্দা করার পাশাপাশি কর্তব্যরত পুলিশকে বরখাস্ত করেছে। তারপরও হাই কমিশনারকে তলব দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপন্থী বলে মনে করছে কূটনৈতিক মহল।
সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারি হাই কমিশনারের অফিসের উপর হামলার ঘটনা ঘটে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে ত্রিপুরার কিছু মানুষ সোমবার আগরতলার ওই অফিসে স্মারকলিপি দিতে যান। অভিযোগ স্মারকলিপি দিয়ে বের হওয়ার আগে তাঁরা সহকারি হাই কমিশনারের অফিসে ভাঙচুর করে এবং বাংলাদেশের জাতীয় পতাকার অমর্যাদা করে।
ওই ঘটনায় ভারত সরকার এবং ত্রিপুরা সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। সোমবার রাতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রক ঘটনার নিন্দা করে বিবৃতি দেয়। ত্রিপুরা সরকার কর্তব্যরত পুলিশকে সাসপেন্ড করে। ঘটনার নিন্দা করে বিবৃতি দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।