
শেষ আপডেট: 15 February 2025 18:41
দ্য ওয়াল ব্যুরো: বিএনপি'র কড়া সমালোচনা করল আওয়ামী লিগ। খালেদা জিয়ার পার্টির বিরুদ্ধে শেখ হাসিনার দলের অভিযোগ, বিএনপি জামায়াতে ইসলামি ও সরকারের সঙ্গে হাত মিলিয়ে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে মামলা-ষড়যন্ত্র শুরু করেছে।
তিনদিন আগে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা খুনের মামলা দায়ের করেছে। খালেদা জিয়ার দলের দাবি, গত বছর জুলাই-অগাস্ট গণ বিপ্লবের সময় তাদের ৮৪৮ নেতা-কর্মী নিরাপত্তা বাহিনীর হাতে খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার উপর চাপিয়ে তাঁকে মূল আাসামি করে মামলা দায়ের করেছে বিএনপি।
বিএনপির ওই সিদ্ধান্তের সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন,
গত বছরের ৫ আগস্ট সুগভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশবিরোধী বিএনপি-জামাতের চক্র দেশি-বিদেশি যোগসাজশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে। এর পর খুনি-ফ্যাসিস্ট ইউনুসের নেতৃত্বে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করা হয়। এই অবৈধ সরকার ও তাদের প্রত্যক্ষ মদতে বিএনপি-জামাত দেশব্যাপী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লিগের নেতাকর্মীসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের বিরুদ্ধে দেশব্যাপী গণহারে মামলা দিতে থাকে।
নাছিম বলেছেন, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রোণোদিত হয়ে এ ধরনের ভিত্তিহীন, মিথ্যা ও বানানো মামলার পাশাপাশি আওয়ামী লিগের নেতাকর্মীদের উপর সব ধরনের নিপীড়ন ও তাদের ঘরছাড়া করা এবং মামলার ভয় দেখিয়ে বাণিজ্যও করা হয়। দেশের অভিজ্ঞ আইনজীবীরা এসব মামলার মেরিট নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার একটি ঘটনায় একই সঙ্গে হত্যা মামলা ও বেআইনি আইসিটি ট্রাইব্যুনালে গণহত্যা হিসেবে প্রহসনমূলক বিচার করার তৎপরতা নেওয়া হয়েছে।
আওয়ামী লিগ নেতার কথায়, যে ট্রাইব্যুনাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্মের ইতিহাসের দায় মোচনের জন্য মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রতিষ্ঠা করেছিলেন সেই ট্রাইব্যুনালে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে তাঁরই বিচার করার অভিপ্রায় সম্পূর্ণভাবে প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ণতার বহির্প্রকাশ। বিশিষ্ট আইনজীবীদের মতে যে মামলার মেরিট নেই তেমন কিছু মামলার এজাহার নিয়ে বিএনপি অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে।
বিবৃতিতে তিনি বলেন, খুনি ফ্যাসিস্ট ইউনুস নিজেই স্বীকার করেছেন যে, জুলাই-অগাস্টের আন্দোলন ছিল একটি নির্বাচিত সরকারকে উৎখাতের লক্ষ্যে ম্যাটিক্যুলাসলি ডিজাইনড। এই আন্দোলনের নেপথ্যে দেশধ্বংস ও বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করার নীলনকশা একে একে উন্মোচিত হচ্ছে। দেশের সাধারণ জনগণ ইতিমধ্যে বুঝতে শুরু করেছে। দেশবিরোধী এই গোষ্ঠীর দেশধ্বংসের পাঁয়তারা জনগণের সামনে দিবালোকের মতো স্পষ্ট। দেশের জনগণ এদের পরিকল্পিত ফাঁদে পা দিয়ে আজ অনুতপ্ত। তাই অবচেতন মনে সকলের সহজ-সরল স্বীকারোক্তি 'আগেই ভাল ছিলাম'। নাছিম বলেছেন, আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাব, দেশবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে শুধু নিষ্ক্রিয় ঘৃণা বা বিরোধিতা নয়, সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার। জনগণের সম্মিলিত প্রতিরোধের কাছে এই দানবীয় শক্তি পরাজিত হতে বাধ্য।