
অনুষ্ঠানের ছবি
শেষ আপডেট: 11 October 2024 19:42
দ্য ওয়াল ব্যুরো: চট্টগ্রামের একটি পুজোয় সাংস্কৃতিক মণ্ডপে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী সঙ্গীত পরিবেশনের পিছনে কোনও অসৎ উদ্দেশ্য ছিল না কি না তদন্ত করে দেখছে পুলিশ। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (অপরাধ ও অভিযান) রইছ উদ্দিন শুক্রবার এ কথা জানান। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তথা যুগ্ম সম্পাদক সজল দত্ত গানের দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমির সদস্য।
ঘটনাটি ঘটে চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হলের সর্বজনীয় দুর্গাপূজায়। সেটিই বন্দর নগরীর সবচেয়ে বড় পুজো। পুজো উদযাপন পরিষদের সভাপতি আশিস ভট্টাচার্য জানান, কমিটির অনুমতি ছাড়া ওই গানের দলকে আমন্ত্রণ জানানোয় সজল দত্তকে পুজো পরিষদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ঘটনার কিছুক্ষণ পরেই তিনি গা ঢাকা দেন। পুলিশের বক্তব্য, তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। খোঁজা হচ্ছে। উদ্যোক্তাদের একজন জানান, গানের দলের সদস্যরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের কথা বলায় সজল দত্ত অনুমতি দেন। মঞ্চে উঠে তারা ইসলাম বন্দনার গান গাইতে শুরু করেন।
গানের কিছু লাইন নিয়ে আপত্তির কারণে অশান্তি তৈরি হওয়ায় পুলিশ এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে। গানের দলের ৭ জনকে আটক করা হয়েছে। ধৃতরা মাদ্রাসার শিক্ষক। তাঁরা হলেন, শহীদুল করিম ও নুরুল ইসলাম। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমি জামায়াতি ইসলামের সমর্থনপুষ্ট হলে পরিচিত। জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবির অ্যাকাডেমিটি পরিচালনা করে বলে প্রতার। যদিও জামায়াতে ইসলামি এবং ছাত্র শিবির ওই সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগের কথা অস্বীকার করেছে। অন্যদিকে, অ্যাকাদেমির সভাপতি সেলিম জামান জানান, উদ্যোক্তাদের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সেই মতো তারা ছয়জন গায়ককে সঙ্গীত পরিবেশনের জন্য পাঠান।