ঢাকায় আওয়ামী লিগের লকডাউন চলাকালেই বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে তিনি জোর দিয়ে দাবি করেন নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন হবে।

শেষ আপডেট: 14 November 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh Election) আওয়ামী লিগ (Awami Leauge) অংশ নিতে পারবে না, আগেই জানিয়েছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। ফের সেই কথা আরেকবার মনে করিয়ে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত বৃহস্পতিবারই বাংলাদেশে রাজধানী ঢাকায় তাদের লকডাউন কর্মসূচি সফল হয়েছে বলে জোরালো দাবি করেছে আওয়ামী লিগ (Awami Leauge)। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম 'দ্য ওয়াল'-কে বলেছেন, লকডাউন শুধু ঢাকা নয় গোটা দেশেই সফল হয়েছে। আমরা দলের তরফে শুধু রাজধানী ঢাকায় লকডাউনে ডাক দিয়েছিলাম। বাংলাদেশের মানুষ গোটা দেশেই বৃহস্পতিবার লকডাউন কর্মসূচিতে সাড়া দিয়েছেন।
ঢাকায় আওয়ামী লিগের লকডাউন চলাকালেই বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে তিনি জোর দিয়ে দাবি করেন নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন হবে। ব্রিটিশ মন্ত্রীকে তিনি বলেন দীর্ঘদিন পর বাংলাদেশের তরুণ ও যুবসমাজ নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটদানের সুযোগ পেতে চলেছে। বিগত ১৫ বছর সাধারণ মানুষ ভোট দানের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে ব্রিটিশ মন্ত্রীকে বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।
বৈঠকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে ইউনুস ব্রিটিশ মন্ত্রীকে জানান আওয়ামী লিগের নির্বাচনে অংশগ্রহণের কোন সুযোগ নেই। কারণ ওই দলের কার্যকলাপ সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ। নির্বাচন কমিশনের নিবন্ধন হারিয়েছে ওই দল। ফলে ভোটে অংশ নেওয়ার কোন সুযোগ ওই দলের নেই। ব্রিটিশ মন্ত্রী সঙ্গে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন।