
শেষ আপডেট: 25 February 2025 17:08
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের (interim government) উপদেষ্টার (advisor) পদ ছাড়লেন ছাত্রনেতা নাহিদ ইসলাম (Nahid Islam)। মঙ্গলবার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের (Md Yunus) কাছে পদত্যাগ পত্র পেশ করেন নাহিদ। তিনি এবার বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বের তৈরি নতুন দলের দায়িত্ব নেবেন।
মঙ্গলবার দলটির নাম, কর্মসূচি ইত্যাদি ঘোষণা করার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন দলের বিস্তারিত জানানো হবে।
অন্তর্বর্তী সরকারে নাহিদ ইসলাম তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রক তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তির দায়িত্বে ছিলেন। নতুন করে কাউকে এই মন্ত্রকগুলির দায়িত্বে আনা হবে অথবা বর্তমান উপদেষ্টাদের মধ্যে বন্টন করা হবে।
নাহিদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা। গণঅভ্যুত্থানের সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে যাবতীয় কর্মসূচি ঘোষণা করতেন। অনেকদিন থেকেই আলোচনা ছিল তিনি হবেন নতুন দলের প্রধান কাণ্ডারী।
মঙ্গলবার পদত্যাগ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন নাহিদ। তাঁর সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। নাহিদ বলেন, এখন থেকে আমি আবার রাজপথে ফিরে যাচ্ছি। উপদেষ্টা হিসেবে ছমাসে কী ভূমিকা পালন করেছি তা ভবিষ্যৎ বলবে।
জানা গিয়েছে, নতুন দলে নাহিদ আহ্বায়কের ভূমিকা পালন করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথমসারির ছাত্র নেতাদের বেশিরভাগই নতুন দলের সামনের সারিতে থাকছেন।