
মুজিবুর রহমান।
শেষ আপডেট: 9 October 2024 09:01
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধ গ্রেফতারি অভিযান চালিয়ে যাওয়ার পাশাপাশি শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে দেওয়ার চেষ্টা করছে বলে আগেই প্রতিবাদে সরব হয়েছে সে দেশের নানা মহল। এবার তাতে যুক্ত হতে চলেছে ১৭ মার্চের সরকারি ছুটি।
১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে শেখ হাসিনার সরকার দিনটি জাতীয় শিশু দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়ে সরকারি ছুটি ঘোষণা করেছিল। তার আগে বাংলাদেশ আন্তর্জাতিক শিশু দিবস পালন করত। জাতীয় শিশু দিবস পালিত হত না। ১৭ মার্চের ছুটির সিদ্ধান্ত বলবৎ হয় ১৯৯৭ থেকে। ওই ছুটি আগামী বছর থেকে থাকবে না। অন্তর্বর্তী সরকার সরকারি ছুটির তালিকা সংশোধনের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে ১৭ মার্চ থাকছে না।
এর আগে এ বছর ৮ অগাস্ট ইউনুস সরকার ক্ষমতায় এসেই ১৫ অগাস্টের ছুটি বাতিল করে। ১৯৭৫ সালের ওইদিন ঢাকার বাড়িতে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর। পরে তার কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর ওই দিনটি জাতীয় শোক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়ে সরকারি ছুটি ঘোষণা করেন। সেই ছুটি এবার বাতিল করা হয়।
বাংলাদেশের টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি না রাখার বিষয়ে বাংলাদেশের অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে কয়েক দফা কথা হয়েছে। অল্পদিনের মধ্যেই নতুন টাকা বাজারে আসবে, বলছে ওয়াকিবহাল মহল। প্রথমে কম অর্থমূল্যের টাকাগুলি বাজারে আনা হবে, যেগুলি সাধারণ মানুষ বেশি ব্যবহার করেন।
৫ অগস্ট হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ জুড়ে মুজিবের মূর্তি ভাঙা, তাঁর ঢাকার ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেগুলি সংস্কারের কোনও উদ্যোগ বর্তমান সরকার নেয়নি। এমনকী ব্যক্তিগত উদ্যোগে মুজিবের বাড়ি সংস্কারেও অনুমতি দেওয়া হচ্ছে না।
সম্প্রতি মার্কিন সফরে গিয়ে এক সাক্ষাৎকারে ইউনুস বলেছেন, ছাত্র জনতা বাটন টিপে বাংলাদেশের অতীত মুছে দিয়েছে। তাঁরা নতুন বাংলাদেশ গড়তে চান। ইউনুসের এই বক্তব্য থেকেও স্পষ্ট তিনি মুজিব এবং মুক্তিযুদ্ধর স্মৃতি মুছে দিতে চান, মনে করছে ওয়াকিবহাল মহল।