Real promises that strengthen relationships: প্রমিস ডে-র আসল অর্থ বড় বড় কথা নয়, সম্পর্ক টিকে রাখতে প্রয়োজন প্রতিদিনের ছোট ছোট প্রতিশ্রুতি। মনোবিদদের মতে, সততা, সম্মান, দায়িত্ব আর নিয়মিত চেষ্টা—এই পাঁচ প্রতিশ্রুতিই সম্পর্কে আনে স্থায়িত্ব।

প্রমিস ডে (এআই দিয়ে তৈরি ছবি)
শেষ আপডেট: 11 February 2026 16:47
দ্য ওয়াল ব্যুরো: প্রমিস ডে (Promise Day) মানে কি শুধুই বড় বড় শপথ, হৃদয়ভরা লাইন আর ফিল্মি রোম্যান্স? সম্পর্কের ওঠা পড়া দেখছেন যাঁরা, তাঁদের ক্ষেত্রে এমনটা মোটেও নয়। আসলে যে পাঁচটি প্রতিশ্রুতি যত্ন নিয়ে পালন করা হয়—নিঃশব্দে, সোশ্যাল মিডিয়ার বাহুল্য ছাড়া—তারাই টেনে রাখে সম্পর্ককে। তাই মনে করিয়ে দিচ্ছেন মনোবিদ ডা. চাঁদনী তুগনাইত (Dr Chandni Tugnait, Psychotherapist)। তাঁর কথায়, “সম্পর্ক টিকে থাকে তীব্রতায় নয়, আবেগগত নিরাপত্তা আর প্রতিদিনকার ছোট ছোট চেষ্টায়।”
তাহলে একদিনের প্রমিসে নয়, রোজকার কিছু প্রতিশ্রুতিতেই মজবুত হয় সম্পর্ক।
প্রথম প্রতিশ্রুতি: আবেগের দিক থেকে সৎ থাকা (Emotional Honesty)
কথা না বলে চুপ করে থাকা আজকাল অনেকের জীবনেই নরম্যাল হয়ে গেছে। কিন্তু ডা. তুগনাইত স্পষ্ট বলছেন, নীরবতা দূরত্ব বাড়ায়, আর দূরত্বেই জন্মায় ক্ষোভ। আবেগগত সততা মানে কঠিন হওয়া নয়, নিজের ভিতরের কথাটা সময়মতো বলা। “আমি ঠিক নেই”, “কিছু একটা গড়বড় লাগছে”—এটা বলতে পারা সম্পর্কের ভাঙন বাঁচায়। না-বলা অনুভূতিই বিপদ ডেকে আনে বেশি।
দ্বিতীয় প্রতিশ্রুতি: নিয়মিত চেষ্টাই মনে থাকে (Effort, Not Intensity)
বেলুন-ফুল-চকোলেটের ইমোশন মুহূর্তে ফুরিয়ে যায় কিন্তু চেষ্টাটা টিকে থাকে। ডা. তুগনাইত বলছেন, “Intensity উত্তেজনা আনে, কিন্তু effort আনে নিরাপত্তা।” প্রতিদিন খোঁজ নেওয়া, ভুল বোঝাবুঝির পরে সব ঠিক করে নেওয়া, পাশে থাকা—এই ছোট ছোট কাজই সম্পর্ককে শক্ত করে। প্রতিশ্রুতি হল—ঝড় উঠুক বা একঘেয়ে দিন আসুক, আমি পাশে থাকবই।
তৃতীয় প্রতিশ্রুতি: ঝগড়ার সময়ও সম্মান (Respect During Conflict)
ঝগড়া হবে—স্বাভাবিক। অসম্মান নয়। ডা. তুগনাইতের মতে, “সম্পর্ক ভাঙে ঝগড়ায় নয়, ভাঙে ঝগড়ার সময় করা ব্যবহারে।” আঘাত করা, অপমান করা, মানসিকভাবে গুটিয়ে যাওয়া—এসব করলে বন্ধন আলগা হবেই। প্রতিশ্রুতি হল—তর্ক হোক, অপমান নয়।
চতুর্থ প্রতিশ্রুতি: দায় স্বীকার (Accountability)
ক্ষমা চাওয়া সহজ, বদলানো কঠিন। আর তাই দায় স্বীকার করে নেওয়া খুব জরুরি। চিকিৎসক মনে করিয়ে দিচ্ছেন—দায় নেওয়া মানে শুধু সরি বলা নয়। মানে নিজের আচরণ বুঝে বদলানোর চেষ্টা। প্রতিশ্রুতি, “আমি ভুল করলে তার দায়িত্ব নেব, পালাব না।”
পঞ্চম প্রতিশ্রুতি: একসঙ্গে আর আলাদাভাবে উন্নতি করা (Growth Together & Individually)
মানুষ বদলায়, সম্পর্কও বদলায়। এই বদল আটকানোর চেষ্টা করলে সম্পর্ক ক্লান্ত হয়ে পড়ে। ডা. তুগনাইত বলছেন, “ভালবাসা মানে একে অপরকে আটকে রাখা নয়; একসঙ্গে বদলে যাওয়া, আলাদাভাবেও বিকশিত হতে দেওয়া।” সম্পর্ক টিকে থাকে এই জায়গাতেই—যেখানে পরিবর্তন হুমকি হিসেবে ধরা দেয় না, দেয় স্বাভাবিকভাবে।
কেন এই প্রতিশ্রুতিগুলো বেশি জরুরি?
কারণ এগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো রঙিন কথা নয়—এগুলো বাঁচে প্রতিদিন, নীরবে। প্রোমিস ডে তখনই অর্থ পায়, যখন প্রতিশ্রুতি মুখে নয়, আচরণে ধরা দেয়। আর সম্পর্ক টেকে সেই নীরব, ধারাবাহিক যত্নেই—ড্রামাটিক ডায়লগে নয়।