কুকুরের সুস্থ জীবনের জন্য কেন টিকা জরুরি, কখন কোন টিকা দিতে হবে— জানুন ২০২৬ সালের সম্পূর্ণ ভ্যাকসিনেশন গাইড।

শেষ আপডেট: 25 March 2026 12:22
দ্য ওয়াল ব্যুরো: একটা ছোট্ট কুকুরছানা বাড়িতে এলে, বাড়িটা হঠাৎই অন্যরকম হয়ে যায়। দৌড়ঝাঁপ, লেজ নাড়া, দরজার কাছে অপেক্ষা—সব মিলিয়ে সে যেন পরিবারেরই একজন।
কিন্তু এই আনন্দ ও ভালবাসার সঙ্গে একটা দায়িত্বও আসে। শুধু খাবার দেওয়া বা খেলানো নয়, তার সুস্থ থাকার দায়ও নিতে হয়। আর সেই জায়গাতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে টিকা।
অনেকেই ভাবেন, “আমার কুকুর তো ঠিকই আছে, টিকা না দিলেও চলবে।” কিন্তু সমস্যাটা এখানেই।
কুকুরদের অনেক মারাত্মক রোগ আছে, যেগুলো আপাতভাবে চোখে দেখা যায় না, বোঝাও যায় না। কিন্তু একবার হলে সামলানো কঠিন। যেমন পারভোভাইরাস, ডিসটেম্পার, কেনেল কাফ, এমনকি রেবিসও।
এই রোগগুলো শুধু কুকুরের জন্যই নয়, অনেক সময় মানুষের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। খেলতে খেলতে ছোট্ট একটা কামড় বা আঁচড় থেকেই সংক্রমণ ছড়াতে পারে।
তাই টিকা শুধু পোষ্যের জন্য নয়, পুরো পরিবারের সুরক্ষার জন্যও জরুরি।
কুকুরছানাকে বাড়িতে আনার পরই প্রথম কাজ হওয়া উচিত ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। জন্মের ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে প্রথম টিকা দেওয়া শুরু হয়। একসঙ্গে সব নয়, ধীরে ধীরে, কয়েক দফায়। কারণ তখন ওদের শরীর খুবই সংবেদনশীল থাকে।
এই সময়ের মূল টিকাগুলোর মধ্যে থাকে, ডিসটেম্পার, পারভোভাইরাস, অ্যাডেনোভাইরাস। রেবিসের টিকাটাও ঠিক সময়ে দেওয়া খুব জরুরি। আর যতদিন না সব টিকা সম্পূর্ণ হচ্ছে, ততদিন বাইরে খেলতে দেওয়া বা অন্য কুকুরের সংস্পর্শে আনা ঠিক নয়।



অনেকে ভাবেন, একবার টিকা হয়ে গেলেই কাজ শেষ। কিন্তু আসলে সেটা শুরু মাত্র। এক বছরের পর থেকে নিয়মিত বুস্টার ডোজ দিতে হয়। কিছু টিকা বছরে একবার, কিছু আবার পরিস্থিতি অনুযায়ী ৩ বা ৬ মাস অন্তরও লাগতে পারে।
ভারতের আবহাওয়া খুব অনিশ্চিত— কখন বৃষ্টি, কখন ঠান্ডা, কখন গরম। এর ফলে কুকুরদের নানা ধরনের সংক্রমণের ঝুঁকিও বাড়ে। এই কারণেই সময়মতো টিকা না দিলে ছোট একটা অসুখও বড় হয়ে যেতে পারে।
অনেকেই টিকার খরচ নিয়ে ভাবেন। কিন্তু একটু হিসেব করলেই বোঝা যায়, টিকা নেওয়ার খরচ যতটা, তার চেয়ে অনেক বেশি খরচ হয় যদি কুকুর অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা, ওষুধ, টেস্ট— সব মিলিয়ে তা বেশ বড় বোঝা হয়ে দাঁড়াতে পারে।
তার থেকেও বড় কথা, ছোট্ট পোষ্যের কষ্ট, যেটা কোনও টাকায় মাপা যায় না।
তবে টিকার পাশাপাশি আরও কিছু ছোট ছোট অভ্যাস খুব জরুরি। নিয়মিত ডিওয়ার্মিং, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পায়ের যত্ন— এসবও সমান গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় ওরা নিজের শরীর চেটে ফেলেই সংক্রমণের শিকার হয়।
টিকার পর হালকা জ্বর বা একটু দুর্বল লাগা স্বাভাবিক। কিন্তু আচরণে বড় পরিবর্তন হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে।
একটা কুকুর শুধু পোষ্য নয়, সে আমাদের পরিবারেরও অংশ। সন্তানসম। সে কথা বলতে পারে না, নিজের অসুবিধাও জানাতে পারে না। তাই তার হয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনার।
তাই একটা ছোট্ট টিকা, সময়মতো নেওয়া একটা সিদ্ধান্ত— এতেই হয়তো সে সুস্থ, লম্বা একটা জীবন পাবে। কারণ, শেষ পর্যন্ত, ভালবাসা মানে শুধু আদর নয়, ভালবাসা মানে তাকে সুরক্ষিত রাখাও।