.webp)
শেষ আপডেট: 20 March 2024 14:26
দ্য ওয়াল ব্যুরো: আমিষ-নিরামিষ খাবার ডেলিভারির জন্য বেছে নেওয়া হয়েছিল ভিন্ন রংয়ের পোশাক। খাবারের প্রকারভেদে পোশাকে রংয়ের বিভাজন টেনেছিল জোম্যাটো। ডেলিভারি পার্টনারদের লাল পোশাকের সঙ্গেই আনা হয়েছিল সবুজ পোশাক। কিন্তু ২৪ ঘণ্টাও কাটল না, নিজেদের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা।
মঙ্গলবারই জোম্যাটোর তরফে ঘোষণা করা হয়, গ্রাহকদের সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করা হবে। নিরামিষ খাবার যারা ডেলিভারি করবেন, তাদের জন্য বিশেষ সবুজ পোশাকেরও ব্যবস্থা করা হয়। এরপরই শুরু হয় বিতর্ক। শেষমেশ বুধবার সকালে সংস্থার তরফে ফের জানানো হয়, আগের মতো সমস্ত ডেলিভারি পার্টনাররা লাল পোশাকই পরবেন।
এদিন সিদ্ধান্ত বদলের কথা জানিয়েছেন জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “নিরামিষ খাবারের পরিষেবা দেওয়ার জন্য আমরা আলাদা কর্মী রাখলেও লাল ও সবুজ রংয়ের বিভাজনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছি। আমাদের ডেলিভারি পার্টনাররা লাল পোশাকই পরবেন।”
পাশাপাশি ‘পিওর ভেজ’ অপশন আনার পর সোশাল মিডিয়া ব্যবহারকারীরা যে সমস্যার কথা তুলে ধরেছেন, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন জোম্যাটো প্রধান। তিনি জানান, যারা জ্যোমাটোর ‘পিওর ভেজ’ অপশন থেকে খাবার ডেলিভার করবেন, তারা দেখতে পাবেন যে অর্ডার ডেলিভারি করতে আসছেন জ্যোমাটোর বিশেষ নিরামিষ ডেলিভারি পার্টনাররা।
কিন্তু কেনই বা তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করা হল? আসলে মঙ্গলবার জোম্যাটর পোশাকের ঘোষণার পরই অনেক গ্রাহকরা জানান যে তাঁরা বাড়ির মালিকের সঙ্গে সমস্যায় পড়তে পারেন। দীপিন্দর গয়ালের কথায়, "আমরা এখন বুঝতে পারছি যে গ্রাহকরা তাদের বাড়ির মালিকের সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আমরা চাই না, আমাদের জন্য এমন কিছু হোক।”
মঙ্গলবারই নতুন পরিষেবা ঘোষণা করে জোম্যাটোর তরফে বলা হয়, এখন থেকে ১০০ শতাংশ নিরামিষ খাবার ডেলিভারি করবে তারা। এক্ষেত্রে সবুজ বাক্সে সম্পূর্ণ নিরামিষ রেস্তোরাঁ থেকে খাবার ডেলিভারি করা হবে। আমিষ খাবার পরিবেশন করা হয়, এমন কোনও দোকান থেকেও নিরামিষ আনা হবে না। এমনকী বিশেষ ডেলিভারি পার্টনাররা কেবল নিরামিষ খাবারই ডেলিভারি করবেন, তাঁরা এই খাবার নিয়ে কোনও আমিষ রেস্তরাঁতেও ঢুকবেন না।
জোম্যাটোর এই সিদ্ধান্তের পরই বিতর্ক শুরু হয়। কয়েকজন নেটাগরিক এই সিদ্ধান্তকে 'আধুনিক সমাজের শ্রেণি বিভাজন' বলে অ্যাখা দেন। আবার অনেকের মতে, ইউনিফর্মের রঙে পার্থক্য থাকায় বহু বাড়ি মালিকরা লাল জামা পরা ডেলিভারি পার্টনারদের ঢুকতে বাধা দিতে পারেন। নিরামিষভোজীদের মাঝে যারা আমিষভোজী থাকেন, তারা সমস্যায় পড়তে পারেন।