
ইউটিউবার থোপ্পি
শেষ আপডেট: 16 April 2025 14:38
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ইউটিউবার থোপ্পির কীর্তি 'ফাঁস' হতেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া মিলছে নেটিজেনদের তরফে। কেরলের রাস্তায় একটি বেসরকারি বাসের চালককে বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় তাঁকে হেফাজতে (Youtuber Thoppi taken into custody) নেওয়া হলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে নিজেই গাড়ি চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন থোপ্পি। একটি বেসরকারি বাস তাঁর গাড়িকে ওভারটেক করে বেরিয়ে যায়। এরপরই ওই ইউটিউবার দ্রুত গতিতে বাসটিকে ধাওয়া করে সেটিকে মাঝ রাস্তাতেই থামিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী যাত্রীদের অভিযোগ, বাস চালকের সঙ্গে বচসা শুরু হয় ওই ইউটিউবারের। হট্টগোল বেড়ে গেলে দু'পক্ষকেই স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। থোপ্পির কাছে এয়ার গান পাওয়া যায়। প্রসঙ্গত, এয়ার গানের জন্য কোনও লাইসেন্স প্রয়োজন হয় না। এছাড়া বাস চালকের তরফেও কোনও অভিযোগ দায়ের না হওয়ায় ইউটিউবারকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, কেরলের মলপ্পুরমে একটি দোকানের উদ্বোধনের অনুষ্ঠানে এসে অপ্রীতিকর মন্তব্য করায় এবং ব্যস্ত রাস্তায় যানজট সৃষ্টি করার অভিযোগে ইউটিউবার থোপ্পিকে আটক করেছিল পুলিশ (Youtuber Thoppi taken into custody)।