
শেষ আপডেট: 16 December 2023 14:45
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে বাঁদরঝোলা করে যাওয়ার দিন শেষ! এবার ট্রেনে উঠলেই নিশ্চিতভাবে মিলবে বসার আসন! এমনই দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।
যাত্রী সুবিধার্থে আরও তিন হাজার ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। এজন্য প্রায় ১ লক্ষ কোটি টাকা খরচ হবে। যাত্রী সাধারণের সুবিধার কথা চিন্তা করেই অতিরিক্ত ট্রেন চালানোর উদ্যোগ বলে জা্নানো হয়েছে রেলের তরফে। এর ফলে ট্রেনে ওয়েটিং লিস্ট বলে আর কিছু থাকবে না।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রত্যেক রেলযাত্রীর আসন সুনিশ্চিত করতেই অতিরিক্ত আরও ৩ হাজার ট্রেন কেনার উদ্য়োগ নেওয়া হয়েছে। নতুন ট্রেনগুলি চলে এলে আর ওয়েটিং লিস্ট বলে কিছু থাকবে না।
রেলমন্ত্রী জানিয়েছেন, নতুন ৩ হাজার ট্রেন কেনার জন্য রেলের ব্যয় হবে প্রায় ১ লক্ষ কোটি টাকা। আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে সংশ্লিষ্ট টাকা বরাদ্দ করা হবে। তারপরই ধাপে ধাপে নতুন ট্রেন আসবে।
রেল সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দেশে প্রতিদিন ১০ হাজার ৭৫৪টি ট্রেন চলে। ২ কোটির বেশি যাত্রী প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। রেল সমীক্ষা করে দেখেছে, যাত্রী পিছু আসন সুনিশে্চিত করতে আরও তিন হাজার ট্রেন চালাতে হবে। তাছাড়া যেভাবে রেলযাত্রীর সংখ্যা বাড়ছে তাতে সারা দেশে ট্রেন সংখ্যা আরও বাডানো দরকার বলে অভ্যন্তরীন সমীক্ষাতে আগেই জানিয়েছিল রেল।
বছরভর তো বটেই, বিভিন্ন উৎসবে রেলে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। দুরপাল্লার ট্রেনগুলিতে অনেক সময়ই নির্দিষ্ট দিনে গন্তব্যে পৌঁছনের টিকিট মেলে না। ফলে ওয়েটিং লিস্টে নাম থাকলেও জায়গার অভাবে অনেক সসময়ই যাত্রীরা যাত্রা বাতিল করতে বাধ্য হন। রেলের দাবি, নতুন তিন হাজার ট্রেন চলে এলে আসনের সমস্যা আর থাকবে না। ফলে অতীত হয়ে যাবে ‘ওয়েটিং লিস্ট’।