
শেষ আপডেট: 8 February 2024 08:55
দ্য ওয়াল ব্যুরো: সাধু সন্ত থেকে সাধারণ নেতা মন্ত্রীরা অনেকেই মুখ খুলেছেন। এবার তাতে গলা মেলালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। রাজ্য বিধানসভায় তিনি বলেছেন, অযোধ্যা ফেরত পেয়েছি। এবার কাশী ও মথুরা ফেরত পাওয়া দরকার। অপেক্ষার অবসান হওয়া দরকার।
মুখ্যমন্ত্রী বলেন, কাশীতে নন্দী ভগবান, মথুরায় শ্রী কৃষ্ণ কতদিন অপেক্ষা করবেন। পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণ মাত্র পাঁচটি গ্রাম দুর্যোধনের কাছে চেয়েছিলেন। আমরা সেখানে মাত্র তিনটি জায়গা ফেরত চেয়েছি। তাঁর কথায়, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর নন্দী ভগবান ও শ্রীকৃষ্ণ আর অপেক্ষা করতে চাইছেন না।
কাশীতে জ্ঞানবাপী মসজিদের জায়গা ফিরিয়ে দিতে হিন্দু পক্ষের মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। মথুরার শাহী ঈদগা মসজিদ নিয়েও একই দাবিতে মামলা হয়েছে। হিন্দু পক্ষের দাবি, মসজিদের জমি ফেরত দিতে হবে। ওই জমিই শ্রীকৃষ্ণ জন্মভুমি।
বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির ভেঙে জ্ঞানবাপী মসজিদ তৈরি হয় বলে হিন্দু পক্ষের দাবি। তাদের আরও দাবি মথুরাতে শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির ভেঙে তৈরি হয়েছিল শাহী ঈদগা মসজিদ।
ইতিমধ্যে রাম জন্মভূমি ট্রাস্টের এক কর্তা প্রকাশ্যে বলেছেন, মথুরা ও বারাণসীর মসজিদ মুসলিমরা সরিয়ে নিলে হিন্দুরা বাকি জায়গা নিয়ে দাবি তুলবে না। মসজিদ সরিয়ে নিতে মুসলিম পক্ষের প্রতি আর্জি জানিয়েছে হিন্দু পক্ষ।
বিধানসভায় যোগী বিচারাধীন বিষয়ে সরাসরি তেমন প্রস্তাব না দিলেও স্পষ্ট করে দিয়েছেন, মথুরা, কাশী নিয়ে তাঁরা দ্রুত সিদ্ধান্ত চান। যোগী বলেন, শত শত বছর ধরে সংখ্যাগরিষ্ঠ মানুষ অন্যায়ের প্রতিকার চেয়ে অপেক্ষা করছেন। ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। এর অবসান কবে হবে?