ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি
শেষ আপডেট: 7 April 2025 11:10
দ্য ওয়াল ব্যুরো: ফের বেঙ্গালুরুতে (Bengaluru) এক মহিলাকে যৌন হেনস্থার (Sexually Harrasment) অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে, যা ছড়িয়ে পড়তেই সিলিকন ভ্যালিতে (Silicon Valley) মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সরু গলি দিয়ে হেঁটে আসছেন দুই মহিলা। তাঁদের পিছু নিচ্ছেন এক ব্যক্তি। এরপরই এক মহিলার যৌন হেনস্থার পর সেখান থেকে বুক ফুলিয়ে পালাতে দেখা গিয়েছে তাঁকে।
বেঙ্গালুরুর বিটিএম লেআউট এলাকার ঘটনা। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার ভয়াবহ ছবি ধরা পড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আচমকাই পিছন থেকে ধাওয়া করে এসে এক মহিলাকে জাপটে ধরে ওই ব্যক্তি। এমনকি তাঁর বুকেও হাত দেয়।
যদিও পরে দেখা যায় আক্রান্ত মহিলার হাত ধরে রয়েছেন দ্বিতীয় মহিলা। তাঁরা দু’জন মিলে পাল্টা প্রতিরোধ করতেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অজ্ঞাত পরিচয় অভিযুক্ত। পরে ওই দুই মহিলাকে সেখান থেকে হেঁটে চলে যেতে দেখা যায়।
Shocking CCTV shows a woman was molested in Bengaluru’s BTM Layout on April 3.
— Pinky Rajpurohit ???????? (@Madrassan_Pinky) April 6, 2025
CCTV footage shows a man following two women, groping one, and fleeing.
Case registered under sections 74, 75, 78
Police launch an investigation. pic.twitter.com/DnXV7Kskml
যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। বেঙ্গালুরু শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনায় এখনও আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে নির্যাতিতা নিজে এগিয়ে না এলে আনুষ্ঠানিকভাবে ওই অজ্ঞাত পরিচয় অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে বেঙ্গালুরু পুলিশ।
আপাতত সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নির্যাতিতা এবং অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে বেঙ্গালুরুর রাস্তায় মহিলাদের হেনস্থার ঘটনা একেবারেই নতুন নয়। গত কয়েক মাসে লাগাতার মহিলাদের হেনস্থার একাধিক ছবি সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি গত বৃহস্পতিবার ঘটলেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আচমকা এমন ঘটনা সামনে আসতেই বেঙ্গালুরুবাসীর অসন্তোষ যে বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।