
বাইক আরোহীদের ওপর জল ছেটানো হচ্ছে
শেষ আপডেট: 31 July 2024 23:35
দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টিতে রাস্তায় জল জমেছে। অনেকে সেই জমা জল পেরিয়েই গাড়ি, বাইক চালিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ হাঁটু জলে দাঁড়িয়ে মজা করছে। কিন্তু এসবের মধ্যেই উঠল যৌন হেনস্থার অভিযোগ! একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে।
যে ঘটনা নিয়ে আলোচনা তা উত্তরপ্রদেশের লখনউ-এর। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার জমা জলের মধ্যে দাঁড়িয়ে একদল 'আড্ডা' মারছে। সেই সময়ে সেখান দিয়ে বাইকে করে যাচ্ছিলেন এক ব্যক্তি, তাঁর পিছনে এক মহিলা বসেছিলেন। হঠাৎ সেই জটলা থেকেই কয়েকজন তাঁদের গায়ে রাস্তার জল ছেটাতে থাকে। এরপরই কয়েকজন বাইকের পিছনের সিটে বসা মহিলার গায়ে হাত দেওয়া শুরু করে! একটা সময়ে তাঁকে বাইক থেকে টেনে নামানোর চেষ্টাও হয়।
কয়েক সেকেন্ড এমন চলতে থাকার পর বাইক সমেত তাঁরা দুজনেই পড়ে যান। তবে যারা মহিলাকে 'হেনস্থা' করছিল তাদের আর সেখানে দেখা যায়নি। বাকিদের মধ্যে কেউ কেউ তাঁদের উঠতে সাহায্য করেন। লখনউ-এর তাজ হোটেল ব্রিজের এই ঘটনায় স্বাভাবিকভাবে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আবার। এভাবে দিনে-দুপুরে প্রকাশ্য রাস্তায় যদি এমন ঘটনা ঘটে তাহলে সন্ধের পর বা রাতের দিকে মহিলারা কীভাবে রাস্তায় বেরবেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।
স্থানীয় পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। জটলার মধ্যে যারা ছিলেন তাদের অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি এই ঘটনায়।