
প্রতীকী ছবি
শেষ আপডেট: 10 January 2024 14:14
দ্য ওয়াল ব্যুরো: "ভগবান বাঁচিয়েছেন! আগে ভাবতাম, ডাক্তার দাদা, নার্স দিদিরা ভগবান। কিন্তু কালকের ঘটনার পর থেকে ওঁদের উপর থেকে ভরসা উঠে গেছে!"
সদ্যোজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে বারবার ঈশ্বরকেই ধন্যবাদ দিচ্ছিলেন বাবা। গত রাতেই তাঁর স্ত্রী সন্তানের জন্ম দিয়েছেন। তবে হাসপাতালে নয়! প্রসব বেদনা ওঠায় স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসে হাজির হয়েছিলেন তিনি। কিন্তু সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার-নার্স-কর্মীদের হাতে-পায়ে ধরেও তাঁকে ভর্তি করাতে পারেননি। এমনকী, কেউ একটা স্ট্রেচার পর্যন্ত নিয়ে আসেননি বলে অভিযোগ।
ঘটনাটি হরিয়ানার আম্বালার। জানুয়ারির রাতে হাসপাতালের বাইরে হাড়কাঁপানো ঠান্ডা। এদিকে তখন যন্ত্রণায় কাতরাচ্ছেন স্ত্রী। উপায়ন্তর না দেখে তাঁকে একটি সবজির ট্রলিতে শুইয়ে দেন স্বামী। রাতে সেখানেই সন্তানের জন্ম দেন মহিলা। এদিকে সেই খবর চাউর হতেই টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। মহিলা ও সদ্যোজাতকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁদের।
এই ঘটনা কানে যেতেই তদন্তের নির্দেশ দিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। কেউ দোষী প্রমাণিত হলে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। "এই তথ্যগুলি যাচাই করা দরকার। আমরা অ্যাম্বুলেন্স এবং প্রসবের জন্য বিনামূল্যে পরিষেবা দিই। তাই তাদের জানানো হয়েছিল কি না, সেই সবকিছু তদন্ত করব। যদি কোনও অবহেলা হয়ে থাকে তবে ব্যবস্থা নেওয়া হবে," জানিয়েছেন তিনি।
ঘটনা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুদিনের মধ্যেই তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক।