
বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর।
শেষ আপডেট: 25 February 2025 17:56
দ্য ওয়াল ব্যুরো: 'পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে।' রবীন্দ্রনাথ ঠাকুরের 'পুরাতন ভৃত্য' কবিতার পংক্তিটি উলটে নিলেই মহাকুম্ভের এক সতীলক্ষ্মীর আচরণ অক্ষরে অক্ষরে মিলে যাবে। মহাকুম্ভে স্বামী আসতে পারেননি। তাই রথ দেখায় যাতে কলা বেচা ফাঁকি না যায়, তার জন্য স্বামীর ডিজিটাল স্নানের ব্যবস্থা করে দিলেন পুণ্যবতী স্ত্রী। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর।
স্বামীর পুণ্যার্জনে ও মোক্ষস্নানের জন্য ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে গিয়ে মহিলা যা কীর্তি করলেন, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ওই মহিলা স্নানের সময় ভিডিও কলে ফোন করেন স্বামীকে। এবং স্বামীর ডিজিটাল স্নান সাঙ্গ করতে ভিডিও কল চলাকালীন গোটা মোবাইল চুবিয়ে দিলেন গঙ্গা-যমুনা-সরস্বতীর জলে। তাঁর বিশ্বাস মহাকুম্ভে প্রয়াগরাজে উপস্থিত না থাকতে পারলেও এটাই হল স্বামীর ভক্তির ধারে পুণ্যার্জনের ভার।
View this post on Instagram
এর মধ্যেই জানা গিয়েছে, মহাকুম্ভ মেলায় ডিজিটাল স্নানের অন্য ব্যবস্থা করে ব্যবসাও ফেঁদেছে একশ্রেণির মানুষ। নেটে ছবি ডাউনলোড করে সেই ছবির প্রিন্ট আউট নিয়ে জলে চুবিয়ে এনে দেওয়ার মাশুল দিলেই দূর থেকে হয়ে যাবে কুম্ভস্নানের পুণ্যপ্রাপ্তি। তারমধ্যে এই মহিলার কাণ্ড দেখে নেটদুনিয়া তোলপাড়। ভিডিও দেখা গিয়েছে, একা মহাকুম্ভে যাওয়া এই মহিলা স্বামীকে ভিডিও কল করছেন। যখন তাঁর স্বামী বিছানায় শুয়ে। তিনি কথা বলতে বলতেই মোবাইল সুদ্ধ চুবিয়ে দিলেন স্বামীকে ত্রিবেণীর জলে।
এ বছরের মহাকুম্ভ আপাতত শেষ হতে চলেছে আগামিকাল, ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন। এ পর্যন্ত ৬৩ কোটি মানুষ সঙ্গমে স্নান করেছেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। বুধে যেহেতু শেষ শাহি স্নান, সেহেতু শিবরাত্রিতে প্রতিবারের মতো পুণ্যার্থীর সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তাই প্রশাসনের তরফে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে যোগী সরকারের পক্ষ থেকে।