
জলমগন মুম্বই।
শেষ আপডেট: 26 September 2024 12:07
দ্য ওয়াল ব্যুরো: লাগাতার বৃষ্টিতে জলমগ্ন মুম্বই। সেপ্টেম্বরে মুম্বইয়ের এই চেহারা নাকি দেখা যায়নি আগে, এমনটাই জানাচ্ছেন বাসিন্দারা। বৃষ্টির কারণে বাতিল হয়েছে প্রধানমন্ত্রীর পুণে সফরও।
গতকাল, বুধবার রাতেই আন্ধেরি এলাকায় জলে ভেসে যাওয়া নর্দমায় পড়ে যান বছর ৪৫-এর মহিলা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গেছে, বৃহন্মুম্বই পুরনিগমের তরফে আজ, বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সমস্ত স্কুল-কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে শহরে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের বিভিন্ন প্রান্ত জলের তলায়। কোমর জলে মানুষকে হেঁটে যেতে দেখা গিয়েছে। বিভিন্ন এলাকায় প্রবল যানজট তৈরি হয়েছে। জায়গায় জায়গায় রাস্তায় রীতিমতো নদীর মতো জলস্রোত বইছে।
জল জমে দিয়েছে ওয়েস্টার্ন এক্সপ্রেস, ইস্টার্ন ফ্রিওয়েতে। সেই পরিস্থিতিতে খুব প্রয়োজন না থাকলে সাধারণ মানুষকে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম এবং মুম্বই পুলিশ কর্তৃপক্ষ।
প্রবল বৃষ্টিতে ব্যাহত হয়েছে মুম্বইয়ের অন্যতম যাতায়াত ব্যবস্থা, লোকাল ট্রেন পরিষেবাও। কুরলা, ভান্ডুপ, বিখরোলির মতো জায়গায় জলের তলায় চলে গিয়েছে রেললাইন। ফলে দেরিতে চলেছে অনেক ট্রেন। অনেক ট্রেন বাতিল। নাহুর, বিদ্যাবিহারের মতো জলমগ্ন জায়গায় ট্রেন দাঁড়াবে না বলেও ঘোষণা চলছে। ওয়েস্টার্ন লাইনে ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে পরপর। ফলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
বৃষ্টিতে ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও। বুধবার রাত পর্যন্ত কমপক্ষে ১৪টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের বদলে। কিছু বিমানকে আমদাবাদে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেরিতে চলছে একাধিক বিমান।