
প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 September 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: মাকে গাছে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ত্রিপুরার চম্পকনগরের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই এই নৃশংস হত্যা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেড় বছর আগে ৬২ বছরের ওই বৃদ্ধার স্বামী মারা গিয়েছে। তারপর থেকে ছেলেদের সঙ্গেই থাকতেন। আরেক ছেলেও রয়েছে তাঁর। যিনি কর্মসূত্রে আগরতলায় থাকেন। শনিবার রাতে পশ্চিম ত্রিপুরার চম্পকনগর থানার খামারবাড়ি এলাকায় ৬২ বছরের ওই বৃদ্ধাকে হত্যা করা হয়। ওই রাতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ জানার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানিয়েছে, শনিবার রাতে প্রথমে বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে গাছের কাছে নিয়ে আসে দুই ছেলে। তারপর বাঁধা হয় ভাল করে। ঢালা হয় কেরোসিন। জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় আগুন দিয়ে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় পুলিশ কিন্তু ততক্ষণে সব শেষ। পুলিশ গিয়ে ঝলসানো দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এবিষয়ে ত্রিপুরার সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক জিরানিয়া কমলকৃষ্ণ কলই সংবার সংস্থাকে বলেন, 'শনিবার রাতে আমরা এই ঘটনার খবর পাই। দ্রুত পৌঁছেছিলাম ঘটনাস্থলে। কিন্তু বৃদ্ধাকে বাঁচানো যায়নি।'
সোমবার অর্থাৎ আজ দুই অভিযুক্তকে তোলা হবে আদালতে। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।