আক্রান্ত মহিলা
শেষ আপডেট: 24 January 2025 18:06
দ্য ওয়াল ব্যুরো: ঋণ শোধ করতে না পারেননি। সেই অপরাধে মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ ত্রিপুরায়। শুধু মারধরই নয়, বাড়িতে টেনে হিঁচড়ে বাইরে বের করে মহিলার অর্ধেক মাথা কামিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ত্রিপুরার সিপাহজেলায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মহিলার উপর হামলা চালিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। হামলাকারীদের চিহ্নিত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
জানা গেছে, এলাকায় ওই গোষ্ঠী চালান একদল মহিলা। সেই গোষ্ঠীর থেকেই ঋণ নিয়েছিলেন আক্রান্ত মহিলা। কিন্তু সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত দিতে পারেননি। মহিলার অভিযোগ, ২০ জন মহিলা আচমকাই বাড়িতে ঢোকেন। তিনি তখন রান্না করছিলেন।
প্রথমে সাধারণ কথাবার্তা হলেও আচমকাই ওই মহিলারা তাঁর উপর চড়াও হন। বাড়ি থেকে টেনে বার করে রাস্তায় নামিয়ে চলে বেধড়ক মারধর। শেষে মহিলার মাথা অর্ধেক কামিয়েও দেওয়া হয়। সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়, দ্রুত টাকা না শোধ করলে, পরিণতি আরও ভয়ঙ্কর হবে।
পুলিশ ঘটনার তদন্তে নেমে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে অজ্ঞাতপরিচয় ২০ জনের নামে। বিশালগড় মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিউলি দাস ঘটনার তদন্ত শুরু করছেন। তিনি জানিয়েছেন, হামলাকারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। দ্রুত তাদের গ্রেফতার করা হবে।