
মুম্বইয়ে আরব সাগরের নীচ দিয়ে তৈরি টুইন টানেল।
শেষ আপডেট: 29 May 2024 13:47
দ্য ওয়াল ব্যুরো: বাণিজ্যনগরী মুম্বইয়ের যানজটের কথা কে না জানে! শহরের গতি বাড়াতে অরুণাচল প্রদেশের টানেলের আদলে চলতি বছরের গত ১১ মার্চ মুম্বইয়ের কোস্টাল রোডে আরব সাগরের ১৭ থেকে ২০ মিটার নীচ দিয়ে তৈরি টুইন টানেলের একটি দিকের উদ্বোধন করা হয়েছিল।
অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ১২ হাজার ৭২১ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল এই টুইন টানেল। উদ্বোধনের মাত্র আড়াই মাসের মধ্যে সুড়ঙ্গে একাধিক ফুটো দেখা দিয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে গেছে বাণিজ্য নগরীতে।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, "টানেলের ২-৩ জায়গায় ফুটো রয়েছে বলে জানতে পেরেছি। সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে।"
একই সঙ্গে শিন্ডের দাবি, ২-৩ জায়গায় ফুটো দেখা গেলেও মূল কাঠামোতে কোনও প্রভাব পড়েনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কথায়, "নির্দিষ্ট প্রযুক্তি ব্যবহার করে ওই ছিদ্র ভরাট করা হবে এবং যতদূর জানা যাচ্ছে এতে যাত্রীদের কোনও সমস্যা হবে না।"
গিরিগাঁও থেকে ওরলি পৌঁছতে এতদিন কমপক্ষে ৪৫ মিনিট সময় লাগত। আরব সাগরের নীচে এই টানেল চালুর পরে ১২.১৯ মিটার ব্যাস এবং ২.০৭ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ পথে সেই দূরত্ব অনেকখানি কমে গিয়েছে। সাগরের তলা দিয়ে মাত্র ১০ মিনিট গিরিগাঁও থেকে ওরলি পৌঁছনো যায়। চালুর পর থেকে এখনও পর্যন্ত এই পথে প্রায় সাত লাখেরও বেশি যানবাহন যাতায়াত করেছে বলে খবর।
দ্বিতীয় সুড়ঙ্গটি মেরিন ড্রাইভ থেকে বান্দ্রা-ওরসি সি লিঙ্ক পর্যন্ত রয়েছে। সেটি এখনও চালু করা হয়নি। মুম্বইয়ের এই টানেল উদ্বোধনের ঠিক ২ দিন আগে অর্থাৎ ৯ মার্চ চিনকে যোগ্য জবাব দিয়ে অরুণাচল প্রদেশে সেললার টুইন টানেল চালু করা হয়েছিল।
তবে বাণিজ্যনগরীর টানেল ফুটো দেখা দেওয়ায় জনমানসে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।