
ইনফোসিস-কর্তা নারায়ণ মূর্তি।
শেষ আপডেট: 15 November 2024 10:46
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহে ৬ দিন কর্মদিবস হওয়া উচিত বলে সওয়াল করে, সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের কথা বলে একসময় প্রবল সমালোচনা ও ট্রোলের মুখে পড়েছিলেন ইনফোসিসের মালিক নারায়ণ মূর্তি। এবার তিনি জানালেন, নিজের বক্তব্য থেকে কোনওভাবেই সরছেন না। তাঁর কথায়, 'এই ধারণা ও মতামত আমি কবরে যাওয়া পর্যন্ত আমার সঙ্গে থাকবে।'
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সিএনবিসি গ্লোবাল লিডারশিপ সামিটে বক্তৃতা করার সময়ে এই বিষয়টি উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ভারতের যে অর্থনৈতিক পরিস্থিতি, তার অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনের সংস্কৃতি দরকার।
এই প্রথম নয়, কর্মক্ষেত্রের নৈতিকতা এবং কাজের উৎপাদনশীলতার বিষয়ে তিনি বরাবরই সরব। এর আগে তিনি বলেছিলেন, ১৯৮৬ সালে যখন ভারতে সপ্তাহে ছ'দিনের কর্মদিবস কমিয়ে পাঁচ দিনের করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা নিয়ে যথেষ্ট হতাশ ছিলেন তিনি।
এদিন তিনি ফের বলেন, 'আমার সেই দৃষ্টিভঙ্গির কোনও পরিবর্তন হয়নি। এই দৃষ্টিভঙ্গি আমার সঙ্গেই আমার কবরে নিয়ে যাব।' তিনি পরামর্শ দেন, দেশের সামগ্রিক অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম করা অপরিহার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অক্লান্ত পরিশ্রমের মডেল হিসেবেও উল্লেখ করেন তিনি।
নারায়ণ মূর্তির মতে, ভারতের উন্নয়নে বিশ্রামের কোনও জায়গা নেই, কেবল ত্যাগ ও প্রচেষ্টাই একমাত্র পথ। তাঁর যুক্তি, একটি শক্তিশালী কাজের নীতি ছাড়া বিশ্বব্যাপী প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে লড়াই করা সম্ভব নয় ভারতের পক্ষে।
নারায়ণমূর্তি নিজের কর্মজীবনের কথা উল্লেখ করে বলেন, 'আমি একসময় প্রতিদিন ১৪ ঘণ্টা করে, সপ্তাহে সাড়ে ৬ দিন পেশার জন্য দিয়েছি। আমার রুটিন ছিল, ভোর ৬:৩০-এর মধ্যে অফিস শুরু করা এবং রাত ৮:৪০-এ সবাই চলে যাওয়া পর্যন্ত কাজ করা। এ জন্য আমি গর্বিত।'
তিনি জানান, এই কঠোর পরিশ্রম শুধু তাঁর ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, এই দায়বদ্ধতা ও কাজের প্রতি ডেডিকেশন ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ বলেও মনে করেন তিনি।
তিনি বলেন, 'এই দেশে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আপনি সবচেয়ে বুদ্ধিমান লোক হলেও কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই।'