
শেষ আপডেট: 18 April 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-এর লোকসভা ভোটে ভাগ্য পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার। সাত দফার ভোটে শুক্রবার প্রথম দফায় ১০২টি আসনে ভোট নেওয়া হবে। এরমধ্যে পশ্চিমবঙ্গের মাত্র তিনটি কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট হবে।
অন্যদিকে, শুক্রবার প্রথম দফাতেই তামিলনাড়ুর ৩৯টি আসনে ভোট হয়ে যাবে। এছাড়া উত্তরাখণ্ডের পাঁচ, অরুণাচলের দুই, রাজস্থানের ১২, মহারাষ্ট্র ও অসমে পাঁচটি করে, বিহারে চার, মধ্যপ্রদেশে ছয়, উত্তর প্রদেশে আট এবং ত্রিপুরা, জম্মু-কাশ্মীর ও ছত্তীসগড়ে একটি করে আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফায় আটজন কেন্দ্রীয় মন্ত্রী, দু’জন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন সাবেক রাজ্যপালের ভাগ্য নির্ধারিত হবে।
রাজনৈতিক হিংসার আশঙ্কায় পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তর প্রদেশের দিকে নির্বাচন কমিশনের বিশেষ দৃষ্টি থাকবে। তবে ভোটের অঙ্কে শুক্রবারের ভোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তামিলনাড়ু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চারশো আসন জয়ের স্বপ্ন পূরণ হবে কি না সে ব্যাপারে এবার তামিলনাড়ুর মানুষের রায় অন্যতম নির্ধারক হয়ে উঠেছে বলে রাজনৈতিক মহলের অভিমত।
বিজেপি ওই রাজ্যে কখনও দুই অঙ্ক ছুঁতে পারেনি। দলের রাজ্য সভাপতি এন আল্লামালাইয়ের দাবি এবার তাঁরা দশটির বেশি আসন পাবেন। বস্তুত তামিলনাড়ু থেকে দশের বেশি আসন আসবে ধরে নিয়েই চারশো পারের হিসাব কষেছে পদ্ম শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট চার দফা প্রচারে গিয়েছেন ওই রাজ্যে। গত সপ্তাহে শেষ দফায় টানা চারদিন তামিলনাড়ুতে থেকে প্রচার করেছেন।
তাৎপর্যপূর্ণ হল, তামিলনাড়ুতে বিজেপি রাজ্যের দুই আঞ্চলিক দল ডিএমকে এবং এআইডিএমকের সঙ্গেই অতীতে জোট করে লড়াই করে। শেষবার জোট ছিল প্রয়াত জয়ললিতার দল এআইএডিএমকের সঙ্গে। জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে ভেঙে দু টুকরো হয়ে গিয়েছে। তাছাড়া বিজেপির সঙ্গে কোনও শিবিরেরই সম্পর্ক ভাল যাচ্ছিল না। পদ্ম শিবির এবার তুলনামূলকভাবে কম শক্তিধর দল পিএমকে’র সঙ্গে জোট বেঁধেছে। তারপরও দ্রাবিড় ভূমি থেকে বিজেপি এবার সুখবর আশা করছে। তা টের পেয়ে শাসক দল ডিএমকে’ও মাটি কামড়ে লড়াই করে। ফলে নরেন্দ্র মোদী তথা বিজেপির স্বপ্ন পূরণ হবে কি না, শুক্রবার তামিলনাড়ুর মানুষের রায়েই স্পষ্ট হয়ে যাবে। যা ৩ জুন পর্যন্ত বাক্স বন্দি থাকবে। ৪ জুন ৫৪৩টি আসনের ফলাফল জানা যাবে।