1.jpeg)
মোদী কি সরে যাবেন?
শেষ আপডেট: 31 March 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী পদ থেকে নরেন্দ্র মোদী (Narendra Modi) কি সরে যেতে পারেন? শিবসেনা (ইউটিবি) (Shiv sena UTB) নেতা সঞ্জয় রাউতের বক্তব্য যদিও ফুৎকারে উঠিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ (Devendra Fardnavis)। সঞ্জয় রাউত দাবি করেছেন, মোদী রবিবার নাগপুরে আরএসএস (RSS) সদর দফতরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী পদে তাঁর উত্তরসূরি নিয়ে আলোচনা করতে। প্রধানমন্ত্রী হিসাবে রবিবারই মোদী আরএসএস সদর দফতরে যান।
ফড়ণবিশ ছাড়া বিজেপির আর কোনও শীর্ষ নেতা মোদীর থাকা না থাকা নিয়ে মুখ খোলোননি। ফড়ণবিশ বলেছেন, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার প্রশ্ন ওঠে না৷ ২০২৯ সালে লোকসভা ভোটেও তিনিই দলের প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে নেতৃত্ব দেবেন।
ফড়ণবিশ মোদীর সরে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিলেও দলে এবং রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে বিজেপির বয়সবিধি নিয়ে।
বয়স ৭৫ পেরলে দল ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা যাবে না বলে কয়েক বছর আগে সিদ্ধান্ত নেয় বিজেপি। সেই বিধি মেনে লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর যোশী, সুমিত্রা মহাজনদের দল ও সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে সরে যেতে হয়।
ঘটনাচক্রে চলতি বছরের সেপ্টেম্বরে নরেন্দ্র মোদী ৭৫ ছুঁয়ে ফেলবেন। প্রশ্ন হল মোদী কি সরে যেতে পারেন? সরে গেলে কে হবেন উত্তরসূরি? ফড়ণবিশ সহ অনেক নেতাই অবশ্য দাবি করেছেন, ৭৫ বিধি বলে কিছু নেই।
সরে যাওয়ার ব্যাপারে মোদীও এখনও পর্যন্ত স্পষ্ট কোনও আভাস দেননি। তবে গত বছর হরিয়ানা বিধানসভার নির্বাচনের প্রচারে মোদী সেভাবে তৎপর না থাকায়। তা সত্ত্বেও হরিয়ানায় বিজেপি তৃতীয়বার জয় হাসিল করে। অর্থাৎ প্রমাণ হয়েছে মোদীকে ছাড়াও কঠিন লড়াই বিজেপি জিততে পারে।
চলতি বছরে বিধানসভা ভোট আছে বিহারে। নভেম্বরের সেই ভোটে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের ক্ষমতায় ফেরা নিয়ে তেমন সংশয় নেই। কিন্তু আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু-র মতো অবিজেপি রাজ্যে বিজেপির জয় নিয়ে সংশয় আছে। চলতি বছরের সেপ্টেম্বরের পরেও মোদী প্রধানমন্ত্রী থাকলে তাঁকে ফের ওই তিন নিজেকে ভোট ক্যাচার প্রমাণ করতে হবে।
প্রশ্ন হল, মোদী সরে গেলে কে হতে পারেন? রাজনৈতিক মহলের একাংশের মতে উত্তরসূরি হিসাবে তেমন নেতাকেই বাছতে হবে যিনি মোদীর থেকেও কট্টর হিন্দুত্ববাদী হবেন। সেই মানদণ্ডে আলোচনায় এগিয়ে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের সমীক্ষায় মোদীর উত্তরসূরি হিসাবেও জনতার পছন্দের তালিকায় প্রথম দুই নাম শাহ ও আদিত্যনাথ। এক নম্বরে শাহ। দুই নম্বরে যোগী। এছাড়া আলোচনায় আছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি এবং কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।