
হেমন্ত সরেন এবং কল্পনা সরেন
শেষ আপডেট: 28 November 2024 11:17
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে বৃহস্পতিবার শপথ নিতে চলেছেন জেএমএম নেতা হেমন্ত সরেন। ২০০০ সালে বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠনের পর বিগত ২৪ বছরে হেমন্ত হলেন প্রথম মুখ্যমন্ত্রী যিনি টানা দু-দফায় সরকার গড়তে চলেছেন।
রাঁচির মোরাবাদী ময়দানে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধার কথা বিবেচনায় রেখে বৃহস্পতিবার শপথের দিন স্থির করেছেন হেমন্ত।
হরিয়ানার পর মহারাষ্ট্রেও কংগ্রেসের ভরাডুবির পর ইন্ডিয়া জোটের অগ্রভাবে রাহুল গান্ধীর উপস্থিতি এবং গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে হেমন্তের শপথ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের নেতাদের মাঝে মমতা বন্দ্যোপাধায়ের উপস্থিতি বাড়তি মাত্রা পেতে চলেছে।
জেএমএম সূত্রের খবর, কংগ্রেস ও আরজেডি এখনও পরিষদীয় নেতা নির্বাচন করে উঠতে না পারায় হেমন্ত একাই বৃহস্পতিবার শপথ নিতে পারেন। অন্যদিকে, কংগ্রেস ও আরজেডি সূত্রের খবর, মন্ত্রী সংখ্যা নিয়ে আলোচনা চূড়ান্ত না হওয়াতেই দুই দলের কারও বৃহস্পতিবার শপথ নেওয়া নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। যদিও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
তবে ঝাড়খণ্ডের রাজনৈতিক মহলে সবচেয়ে বড় জল্পনা কল্পনা সরেনকে নিয়ে। মুখ্যমন্ত্রী হেমন্তের স্ত্রী কল্পনা নিজের কেন্দ্রে জয় হাসিলের পাশাপাশি দলের বহু প্রার্থীকে জিতিয়েছেন বলে পার্টি নেতারা এক বাক্যে স্বীকার করেন। মুখ্যমন্ত্রী হেমন্তের চাইতেও কল্পনাকে নিয়েই প্রচারে চাহিদা বেশি ছিল। প্রায় দু’শোর বেশি সভা করেছেন মাস কয়েক আগে রাজনীতিতে আসা কল্পনা। জল্পনা চলছে, স্ত্রীকে হেমন্ত মন্ত্রিসভায় নেবেন কিনা। দুর্নীতির মামলায় হেমন্ত জেলে থাকার সময় দলের পাশাপাশি সরকারের নানা বিষয়ে পরামর্শ দিয়ে নিজের প্রশাসনিক দক্ষতা প্রমাণ দিয়েছেন কল্পনা। এখন তিনি স্বামীর মন্ত্রিসভায় যোগ দিলে তা হবে এক অভিনব ঘটনা।
স্বামী-স্ত্রীর একই মন্ত্রিসভার সদস্য থাকার নজির দেশে একটিই আছে। ৬৭ বছর আগে কেরলে ইএমএস নাম্বুদিরিবাদের মন্ত্রিসভার সদস্য ছিলেন টিভি থমাস এবং কেআর গৌরী আম্মা। বাবার মন্ত্রিসভায় পুত্র-কন্যার মন্ত্রী থাকার নজির অবশ্য কম নেই। তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের মন্ত্রিসভার সদস্য উদয়নিধি স্ট্যালিন। সম্প্রতি ছেলেকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী করেছেন স্ট্যালিন।