
ফাইল ছবি
শেষ আপডেট: 14 February 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: শারীরিক সম্পর্ক না হওয়া পর্যন্ত পরপুরুষের সঙ্গে প্রেমকে পরকীয়া বলা যাবে না। স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকতেই পারে। শুক্রবার পরিষ্কার জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট।
জানা গেছে, এক খোরপোশ সংক্রান্ত মামলায় মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি জিএস আলুওয়ালিয়া জানিয়েছেন, স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে কোনও মহিলার ভালোবাসার সম্পর্ক থাকতে পারে। তবে সেটিকে পরকীয়া তখনই বলা যাবে যখন দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হবে। আর তা না হলে কোনওভাবেই সাধারণ প্রেমের সম্পর্ককে পরকীয়া হিসাবে গণ্য করা যায় না।
আদালত জানিয়েছে, যদিও একজন স্ত্রীর অন্য কারও প্রতি শারীরিক সম্পর্ক ছাড়াই ভালোবাসা এবং স্নেহ থাকে, তবুও কেবল এই প্রমাণ যথেষ্ট নয় যে স্ত্রী ব্যভিচারে লিপ্ত।
মধ্যপ্রদেশের এক ব্যক্তি স্ত্রীকে খোরপোশ দিতে অস্বীকার করে আদালতে মামলা করেন। ওই ব্যক্তির দাবি ছিল, তাঁর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে আছেন। তাই কোনওভাবেই তাঁকে খোরপোশ দেওয়া সম্ভব নয়। এরপর পরিবার আদালত ওই ব্যক্তির স্ত্রীকে মাসিক ৪০০০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী।
শুক্রবার মামলা খারিজ করে বিচারপতি জিএস আলুওয়ালিয়া জানিয়েছেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৪৪(৫) ধারা এবং ফৌজদারি দণ্ডবিধির ১২৫ (৪) ধারায় বলা হয়েছে, কেউ পরকীয়ায় লিপ্ত থাকলে ভরণপোষণের খরচ দিতে আপত্তি জানানো যেতে পারে। কিন্তু এক্ষেত্রে মহিলার সম্পর্ককে পরকীয়া বলা যাবে না। কারণ শারীরিক সম্পর্ক ছাড়া শুধু ভালোবাসার সম্পর্ককে কোনওভাবেই পরকীয়া বলা যেতে পারে না।
আদালত পরিষ্কার জানিয়েছে, স্বামীর স্বল্প আয় কখনওই ভরণপোষণ অস্বীকারের কারণ হতে পারে না। যদি আবেদনকারী এমন একটি মেয়েকে বিয়ে করে থাকেন যিনি পুরোপুরি জানেন যে তিনি নিজের দৈনন্দিন চাহিদা পূরণ করতেও সক্ষম নন, তাহলে তার জন্য তিনি নিজেই দায়ী। কিন্তু যদি তিনি একজন সুস্থ ব্যক্তি হন তবে তাঁকে স্ত্রীর ভরণপোষণ বা ভরণপোষণের পরিমাণ জোগানোর জন্য কিছু উপার্জন করতেই হবে।