
বিবাহ বহির্ভূত সম্পর্কের বলি যুবক
শেষ আপডেট: 17 April 2025 17:45
দ্য ওয়াল ব্যুরো: ফের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের বলি হতে হল এক যুবককে। প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে খুন (Wife strangled her husband in his sleep)। অপরাধ লুকাতে পরিকল্পনা করে কাজও সেরে ফেলেছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। ময়নাতদন্ত হতেই সামনে এল সত্যি। সৌরভ রাস্তোগী হত্যাকাণ্ডের পর ফের এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল মিরাট।
পুলিশ সূত্রে খবর, নিজের বাড়ি থেকেই যখন বছর ২৫-এর অমিত কাশ্যপের মৃতদেহ উদ্ধার হয় তখন তাঁর পাশেই দেখা গিয়েছিল একটি সাপ। অনুমান করা হয়েছিল, সাপের কামড়েই মৃত্যু হয়েছে যুবকের। কিন্তু মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলে সামনে আসে প্রকৃত সত্য। সাপের কামড়ে নয় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে অমিতের।
পুলিশ তদন্ত চালিয়ে অমিতের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়ে জানতে পারেন। গ্রেফতার করা হয় রবিনা ও তাঁর প্রেমিককে। জেরায় রবিতা স্বীকার করে, প্রেমিকের সাহায্য নিয়েই নিজের স্বামীকে খুন করার পরিকল্পনা করেছিল। এমনকি প্রমাণ লোপাট করার উদ্দেশে সাপ এনে মৃতদেহের পাশে রেখে দেয়। যেন মনে হয় সাপের কামড়ে মৃত্যু হয়েছে তাঁর।
পুলিশের তরফে আরও জানা যায়, অমিত ও রবিতার তিনটি সন্তান রয়েছে। বেশ কিছু সময় ধরেই অমরদীপ নামের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিল রবিতা। খুনের পরিকল্পনা মতোই ১ হাজার টাকায় একটি সাপও কিনে এনেছিলেন তারা।
গতমাসেই মিরাটে (Meerut Case) সৌরভ রাস্তোগীর নৃশংস হত্যাকাণ্ড (Saurav Rastogi Murder Case) সামনে আসে। স্ত্রী ও তার প্রেমিক পরিকল্পনা করে প্রথমে কুপিয়ে খুন করে। তথ্য প্রমাণ লোপাট করতে দেহ টুকরো করে সিমেন্ট দিয়ে ড্রামে ভরে দেওয়া হয়। ঘটনার বেশ কয়েকদিন পর গ্রেফতার করা হয় মুসকান ও সাহিলকে।