
সিসিটিভিতে ঘটনার মুহূর্ত (ছবি- গুগল)
শেষ আপডেট: 20 April 2025 17:21
দ্য ওয়াল ব্যুরো: স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল স্ত্রী ও তাঁর প্রেমিককে। মধ্যপ্রদেশের ব্যস্ত রাস্তায় অনিল পাল নামের এক ব্যক্তিকে গাড়ির চাকায় পিষে প্রাণে মারার পরিকল্পনা ছিল ধৃতদের (Wife, lover try to run over man)। কিছু দূর পর্যন্ত তাঁকে টেনেও নিয়ে যায় গাড়ি। আহত হলেও প্রাণরক্ষা হয়। প্রকাশ্যে এসেছে এই ঘটনার সিসিটিভি ফুটেজ।
মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে একটি দোকান রয়েছে অনিল পালের। ২০১৬ সালে রজনী পালের সঙ্গে বিয়ে হয় তাঁর। দম্পতির তিন সন্তান রয়েছে। পাঁচ জনের সংসার শান্তিতেই চলছিল। পুলিশ সূত্রে খবর, তবে বিগত কয়েক মাস ধরে স্ত্রীর ঘন ঘন বাপের বাড়িতে যাওয়া নিয়ে সন্দেহ হয় অনিলের। খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে মঙ্গল সিং খুশওয়া নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তাঁর।
গত মাসে ডাক্তার দেখানোর বাহানা দিয়ে বাড়ি থেকে বেরোয় রজনী। সন্ধ্যে ৬টার পরও বাড়ি না ফিরলে তাঁকে খুঁজতে যায় অনিল। কিছুক্ষণের মধ্যেই নিকটবর্তী বাস স্ট্যান্ডের কাছে একটি নীল রঙয়ের চার চাকা গাড়িতে বসে থাকতে দেখেন স্ত্রীকে।
স্ত্রীকে বাড়ি ফেরানোর জন্য গাড়ির দিকে ছুটে যায় অনিল। তখনই তাঁকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যুগল। এমনকি চাকায় আটকে থাকায় প্রায় ৫০ মিটার রাস্তা ওই ব্যক্তিকে টেনে নিয়ে যায় গাড়িটি। জখম অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীদের মধ্যেই একজন পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ জানায়, অনিল পালকে খুনের চেষ্টা করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন স্ত্রী রজনী পাল ও তাঁর প্রেমিক। দীর্ঘ তল্লাশি চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আদালত তাঁদের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।