
শেষ আপডেট: 26 October 2023 19:50
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সংসদের স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আবার মহুয়ার প্রাক্তন বয়ফ্রেন্ড জয় অনন্ত দেহাদরাইয়ের অভিযোগ, তৃণমূল সাংসদ এক ব্যবসায়ীর সঙ্গে যোগসাজস করে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন। নিশিকান্ত ও জয়কে ডেকে এদিন তাঁদের বক্তব্য শুনেছে সংসদীয় স্থায়ী কমিটি। সূত্রের খবর, সংসদের ওই কমিটি এবার মহুয়ার বিদেশ সফর নিয়ে তথ্য চাইতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।
প্রশ্ন উঠতে পারে কেন? মহুয়া মৈত্র একজন তৃণমূল সাংসদ হলেও ব্যক্তিগত সফরে বিদেশে যেতেই পারেন। সে ব্যাপারে কি সংসদ কৈফিয়ত বা রিপোর্ট চাইতে পারে?
প্রত্যেক সাংসদ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পান। তাঁদের বিদেশ সফর নিয়ে সচরাচর সংসদ রিপোর্ট চায় না। কিন্তু মহুয়ার শিল্পপতি বন্ধু দর্শন হীরানন্দানি দাবি করেছেন, মহুয়ার বেশ কিছু বিদেশ সফরের বন্দোবস্ত তিনি করেছেন। টাকার অঙ্কের কথা হীরানন্দানি স্পষ্ট করেননি। তবে তাঁর হলফনামা এ ব্যাপারে ইঙ্গিতপূর্ণ।
নিশিকান্ত দুবের অভিযোগ, এই দর্শন হীরানন্দানির থেকে টাকা ও দামি উপহার নিয়ে সংসদে আদানি গোষ্ঠী সম্পর্কে প্রশ্ন করেছেন মহুয়া। অর্থাৎ এক্ষেত্রে একটা লেনদেনের বিষয় রয়েছে। তা ছাড়া মহুয়া ওই শিল্পপতিকে সংসদের ওয়েবসাইটের লগ ইন ক্রে়ডেনশিয়ালও শেয়ার করেছেন। যা সংসদ তথা জাতীয় স্বার্থ বিরুদ্ধ।
তাৎপর্যপূর্ণ হল, মহুয়াকে দামি উপহার দেওয়ার ব্যাপারটা স্বীকার করে নিয়েছেন দর্শন হীরানন্দানি। সেটা মহুয়ার আবদারেই দিয়েছেন বলে তাঁর দাবি। দর্শন এও স্বীকার করেছেন, মহুয়া তাঁকে সংসদের লগ ইন পাসওয়ার্ড শেয়ার করার পর কৃষ্ণনগরের সাংসদের তরফে তিনিই আদানি গোষ্ঠী সম্পর্কে সংসদের ওয়েবসাইটে প্রশ্ন পোস্ট করেছিলেন।
মহুয়া দর্শনের থেকে বিদেশ সফরে আর্থিক সুবিধা নিয়েছেন কিনা তা খতিয়ে দেখতেই এথিক্স কমিটি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইতে পারে বলে খবর। ওই কমিটি মহুয়াকেও ডেকে পাঠিয়েছে। তবে মহুয়ার ব্যাপারে তাঁর দল তৃণমূল কোনও মন্তব্য করতে নারাজ। বরং দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এ ব্যাপারে যা বলার সাংসদ নিজেই বলবেন।