
হরিয়ানার নু জেলা জুড়ে যুদ্ধ পরিস্থিতি
শেষ আপডেট: 22 July 2024 14:45
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার নু জেলা জুড়ে যুদ্ধ পরিস্থিতি। জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় দু'হাত পর পর বন্দুকধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার রাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ। আকাশে পাখির মতে উড়ছে ড্রোন। জেলা জুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা।
না, হরিয়ানার ওই জেলায় কোনও সাম্প্রদায়িক অস্থিরতা, কোনও রাজনৈতিক বা জাতিগত সংঘাতের ঘটনা ঘটেনি।
আসলে ঠিক এক বছর আগে হরিয়ানার ওই জেলায় সাম্প্রদায়িক সহিংসতার একটি ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল গোটা রাজ্যে। এমনকী লাগোয়া উত্তর প্রদেশ এবং রাজস্থানেও গোলমাল হয়।
হরিয়ানায় সোমবার শুরু হয়েছে ব্রজমণ্ডল যাত্রা। শিবের মাথায় জল ঢালার এই উৎসবে রাজ্য জুড়ে শোভাযাত্রা বের হয়। গত বছর শোভাযাত্রা চলাকালে নু জেলার বেশ কিছু জায়গায় সাম্প্রদায়িক সংঘাত হয়। তাতে ছয় জন নিহত হন। তাঁদের মধ্যে একজন পুলিশ কর্মী।
নু হল হরিয়ানার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। গত বছর মুসলিম সম্প্রদায় অভিযোগ করে তাদের এলাকা দিয়ে যাওয়ার সময় ব্রজমণ্ডল শোভাযাত্রা থেকে আপত্তিকর কথা বলা হয়েছে। সেই অভিযোগ ঘিরে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশের অভিযান নিয়েও গুরুতর অভিযোগ ওঠে। সংখ্যালঘুদের প্রতি অত্যাচারের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। চলে বুলডোজার অপারেশন।
প্রশাসনের বক্তব্য, এবারও গতবারের মতো অশান্ত পরিস্থিতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তারা। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিপুল সংখ্যায় পুলিশ নামানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট।