
ফ্রি’তে ১০ কেজি চাল-গম দেওয়ার ঘোষণা।
শেষ আপডেট: 16 May 2024 08:38
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনে আগের চার দফায় দুই তৃতীয়াংশ আসনে ভোট নেওয়া হয়ে গিয়েছে। কংগ্রেস এখন ঘোষণা করেছে দল সরকার গড়তে পারলে গরিবদের মাসে ১০ কেজি করে চাল-গম বিনমূল্যে দেবে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের এই ঘোষণার পর দলেই জল্পনা শুরু হয় মাঝপথে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল। এমনকী কংগ্রেসের ইস্তাহার কমিটির চেয়ারম্যান পি চিদম্বরম বলেন, ‘আমার এই বিষয়ে কিছু জানা নেই। কংগ্রেস সভাপতিই এই ব্যাপারে যা বলার বলবেন।’
খাড়্গের ঘোষণা নিয়ে পরে অবশ্য জল্পনায় জল ঢেলে দেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, নরেন্দ্র মোদী সরকারের মাসে পাঁচ কিলো করে চাল-গম দেওয়ার স্কিম নিয়ে বিজেপি জোরদার প্রচার চালাচ্ছে। পদ্ম শিবির বলছে, প্রতিমাসে ৮০ কোটি গরিব ভারতবাসীকে বিনামূল্যে ভাত-রুটি জোগান নরেন্দ্র মোদী। কংগ্রেস নেতৃত্বের নজরে এসেছে চার দফা ভোটের পর বিজেপি এই প্রকল্প নিয়ে প্রচার জোরদার করেছে।
বিষয়টি প্রথমে নজর করেন রাহুল গান্ধী। তিনি পাল্টা প্রচার করতে থাকেন, গরিবদের বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার প্রকল্প কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার চালু করেছে। মোদী সরকারের কোনও কৃতিত্ব নেই। কারণ আগের সরকার এই ব্যাপারে আইন তৈরি করে গেছে। পরের সরকার তা মানতে বাধ্য। কৃতিত্ব আসলে কংগ্রেসের।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
ওদিকে, রায়বেরলি, অমেঠিতে প্রিয়ঙ্কা গান্ধী প্রচার শুরু করেন, পাঁচ কিলো চাল-গমে একটা পরিবারের কতটুকু লাভ হয়। পেট ভরে এই টুকু চাল-গমে? রাহুলের দাবি এবং প্রিয়ঙ্কার তোলা প্রশ্নের পর কংগ্রেসের উপর দায় চাপে এই ব্যাপারে বিজেপির থেকে আকর্ষণীয় প্রকল্প চালু করার কথা মানুষকে জানানো। সেই মতো দলের কোর গ্রুপের সঙ্গে আলোচনা করে খাড়্গে দশ কিলো চাল-গম দেওয়ার কথা ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, গত বছর নভেম্বরে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের সময়ই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, রেশনে বিনামূল্যে মাসে পাঁচ কিলো-চাল গম আরও পাঁচ বছর দেওয়া হবে।এই প্রকল্প চালু হয়েছিল করোনা মহামারীর সময়। চার দফা ভোটের পর বিজেপি নেতৃত্বের মনে হয়েছে পদ্মের ভোট বাড়াতে গরিব মানুষকে এই প্রকল্পের কথা ভাল মতো স্মরণ করিয়ে দেওয়া দরকার।
বিজেপির প্রচার কৌশলের পরিবর্তন নজর করে রাহুল গান্ধী পদ্ম-পার্টির বিরুদ্ধে কংগ্রেসের কর্মসূচি নকল করার অভিযোগ তোলেন। বলেন, ইন্দিরাজি (প্রয়াত প্রধানমন্ত্রী) গরিবি হঠাওয়ের ডাক দিয়েছিলেন। মনমোহন সিংয়ের সরকার গরিবদের বিনামুল্যে চাল-গম দেওয়ার ব্যবস্থা করে। এটা আইন। এটা অধিকার। কোনও সরকারের দয়া নয়। বিজেপি মিথ্যা প্রচার করছে।