
শেষ আপডেট: 30 November 2024 11:02
দ্য ওয়াল ব্যুরো: ইভিএমের পরিবর্তে ফের পেপার ব্যালটে ভোট নেওয়ার দাবি জানিয়ে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। শুক্রবার কংগ্রেস ওয়াকিং কমিটির চার ঘণ্টার বৈঠক শেষে যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে তাতে আলাদা করে ইভিএমের উল্লেখ নেই। পরিবর্তে সমগ্র নির্বাচন ব্যবস্থার সংস্কার দাবি করে সাড়া দেশে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রধান বিরোধী দল।
কিন্তু শুক্রবারের ওয়াকিং কমিটির বৈঠকে হাত শিবির নিজেরাই ইভিএম নিয়ে আলাদা করে আন্দোলনের ভাবনা থেকে সরে এসেছে। দলের একাধিক নেতার বক্তব্য, পার্টি হেরে গেলেই ইভিএমের দিকে আঙুল তোলা ঠিক হচ্ছে না্। বিরোধী দলে থাকার সময় বিজেপিও পেপার ব্যালট ফেরানোর দাবি করত। তখন ক্ষমতাসীন কংগ্রেস ইভিএম নিয়ে অভিযোগে কর্ণপাত করেনি। তাছাড়া, কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকাকালে ইভিএমের ভোট গ্রহণ শুরু হয়েছিল।
সাম্প্রতিক অতীতে একাধিক ইস্যুতে কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের শরিকদের মতপার্থক্য সামনে এসেছে।সেখানে ইভিএম নিয়ে কংগ্রেসের আপত্তি, অভিযোগের সঙ্গে গলা মেলায় তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। এতে বিজেপির পাল্টা প্রচারও বিশ্বাসযোগ্যতা পাচ্ছে বলে মনে করছে একাধিক কংগ্রেস নেতা।
কংগ্রেস সেই ২০১৪-র লোকসভা নির্বাচনের সময় থেকে ইভিএমের বিরোধিতা করে চলেছে। বুঝতে অসুবিধা হয় না দলের প্রচারের কৌশল হল, নরেন্দ্র মোদী ইভিএমে কারচুপি করে জেতেন, প্রচার করা।
এই পরিস্থিতিতে কংগ্রেস আক্রমণের মুখ নির্বাচন কমিশনের দিকে ঘুরিয়ে দিতে চাইছে। শুক্রবারের ওয়াকিং কমিটির বৈঠকে একাধিক নেতা বলেন, নির্বাচন কমিশন মোদী সরকারের একটি অফিসে পরিণত হয়েছে। ভোটের দিনক্ষণ ঠিক করা থেকে প্রচারে নজরদারি সবই বিজেপি ও নরেন্দ্র মোদীর স্বার্থ বিবেচনায় রেখে নির্ধারণ করা হচ্ছে।