
শেষ আপডেট: 26 November 2023 18:31
দ্য ওয়াল ব্যুরো: দেশের ধনীদের একাংশ বিয়ে করতে বিদেশ পাড়ি দিচ্ছেন। বিদেশে কোটি কোটি টাকা খরচ করছেন। বিয়ের কেনাকাটা থেকে অনুষ্ঠান সবই হচ্ছে বিদেশের মাটিতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে এই ব্যাপারে তাঁর আপত্তির কথা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ধনী ব্যক্তিরা একটা নয়া প্রবণতা তৈরি করছেন। তাঁরা বিয়ে করতে বিদেশে পাড়ি দিচ্ছেন। দেশের কোটি কোটি টাকা তাঁরা বিদেশের মাটিতে খরচ করে আসছেন।’
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকদিন ধরেই কথাটা বলব ভাবছিলাম। আজ আপনাদের বলছি, এটা ঠিক হচ্ছে না। ভোকাল ফর লোকাল স্লোগান আউরে প্রধানমন্ত্রী বলেন, টাকাটা দেশে খরচ করুন। আর বিয়েতে অনুগ্রহ করে ভারতীয় পণ্য কিনুন।’
বিভিন্ন পরিসংখ্যান থেকে হিসাব করে দেখা দিয়েছে চলতি বিয়ের মরসুমে পাঁচ লাখ কোটি টাকার কেনাকাটা হওয়ার কথা। প্রধানমন্ত্রী বলেন, ‘টাকাটা দেশে থাকলে ভারতের অর্থনীতি মজবুত হবে।’ মোদী জানান, দেওয়ালি, ভাইফোঁটা ও ছট পুজোয় মোট চার লাখ কোটি টাকার ব্যবসা হয়েছে। মোদী ‘মন কি বাত’-এর এই পর্বে ভোকাল ফর লোকাল স্লোগানটি একাধিকবার ব্যবহার করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশিয় পণ্য কিনলে কর্মসংস্থান হয়। দেশের আর্থিক অবস্থার উন্নতির জন্য এটা প্রয়োজন।’
প্রধানমন্ত্রী এই ব্যাপারে নতুন প্রজন্মের উপর আস্থা রেখেছেন। তাঁর কথায়, ‘কমবয়সিরা অনেক সচেতন। তারা নিজেরা কোনও জিনিস কিনলে দেখে নেয় সেটা ভারতে তৈরি কিনা। এমনকী অনলাইন কেনাকাটাতেই নতুন প্রজন্ম সতর্ক, মনে করেন প্রধানমন্ত্রী।