দিল্লি সরকারের সচিবালয়
শেষ আপডেট: 19 February 2025 08:29
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী কে হচ্ছেন অবশেষে বুধবার রাতে জানা যাবে। বুধবার সন্ধ্যা সাতটায় দিল্লি প্রদেশ বিজেপি দপ্তরে বিধায়ক দলের বৈঠক ডাকা হয়েছে। আগামীকাল বেলা ১১'টায় রামলীলা ময়দানে হবে শপথ অনুষ্ঠান।
নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে বিধায়ক দলের বৈঠকে হাজির থাকবেন দলের জাতীয় সাংগঠনিক সম্পাদক বিএল সন্তোষ। এ মাসের আট তারিখ দিল্লি বিধানসভার ভোটের ফল ঘোষণা হলেও গত দশ দিনে নতুন মুখ্যমন্ত্রী বাছাই করে উঠতে পারেনি দল।
যদিও বিজেপি সূত্রে দাবি করা হয়েছে এর পিছনে পার্টির অভ্যন্তরীণ কোন সমস্যা নেই। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত ব্যস্ত। আমেরিকা সফর থেকে ফিরে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। গত দুদিন ব্যস্ত ছিলেন কাতারের আমিরের ভারত সফর নিয়ে ব্যস্ত ছিলেন। বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের একাধিক মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব।
ব্যস্ততার ফাঁকেই দিল্লির মুখ্যমন্ত্রী বাছাইয়ে পার্টির শীর্ষ নেতৃত্বের বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম বাছাই হয়ে গিয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে মাত্র।
নতুন মুখ্যমন্ত্রী হিসাবে অন্তত পাঁচটি নাম দলের বিবেচনায় ছিল। মহিলা এবং জাতিগত সমীকরণ বিবেচনায় রেখে মুখ্যমন্ত্রী বাছাই করা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। বেশ কয়েকজন সংসদের নাম আলোচনায় ছিল। দলের এক শীর্ষ নেতা অবশ্য বলেন কোন এমপিকে মুখ্যমন্ত্রী করার সম্ভাবনা কম। কারণ বিধায়কদের মধ্যে উপযুক্ত প্রার্থী রয়েছেন। সম্ভাবনা বেশি কোনও দলিত অর্থাৎ তফশিলি জাতি সম্প্রদায়ের কাউকে বেছে নেওয়ার।
প্রায় তিন দশক পর দিল্লিতে সরকার গড়তে চলেছে বিজেপি। শপথ অনুষ্ঠানের জন্য রামলীলা ময়দানকে বেছে নেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। ওই ময়দানেই অনশন ধর্মঘট করে দুর্নীতি বিরোধী আন্দোলনের জোয়ারে দিল্লির ক্ষমতা দখল করেছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সেই ময়দানে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিয়ে দিল্লিবাসীকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিতে চান, এমনই ব্যাখ্যা দিচ্ছে পদ্মশিবির।