Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

মুখ্যমন্ত্রীর জন্য আনা পাঁচতারা হোটেলের সিঙ্গারা, কে খেল, তোলপাড় হিমাচলে, তদন্তে সিআইডি

কোথায় গেল মুখ্যমন্ত্রীর জন্য পাঁচতারা হোটেল থেকে আনানো সিঙ্গারা ও কেক? উধাও রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে হিমাচল প্রদেশের সিআইডি।

মুখ্যমন্ত্রীর জন্য আনা পাঁচতারা হোটেলের সিঙ্গারা, কে খেল, তোলপাড় হিমাচলে, তদন্তে সিআইডি

কোথায় গেল মুখ্যমন্ত্রীর সিঙ্গারা ও কেক?

শেষ আপডেট: 8 November 2024 12:40

দ্য ওয়াল ব্যুরো: সিআইডি’র সাইবার সেলের উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। অনুষ্ঠান শেষে সিআইডি’র কনফারেন্স রুমে শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক পূর্ব নির্ধারিত ছিল। সেখানে তাঁকে চায়ের সঙ্গে সিঙ্গারা এবং কেক দেওয়ার কথা থাকলেও তা পরিবেশন করা হয়নি। কোথায় গেল মুখ্যমন্ত্রীর জন্য পাঁচতারা হোটেল থেকে আনানো সিঙ্গারা ও কেক? উধাও রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে হিমাচল প্রদেশের সিআইডি। পাঁচ অধস্তন অফিসারকে কারণ দর্শানোর নোটিস ধরিয়েছে রাজ্য তদন্তকারী সংস্থাটি। প্রাথমিক অনুসন্ধান রিপোর্টে সিআইডি’র এক আইজি পদমর্যাদার অফিসার এই ঘটনাকে সরকার ও বাহিনী বিরোধী কাজ বলে উল্লেখ করেছেন। লিখেছেন, সিআইডি’র কিছু অফিসার পদস্থদের সঙ্গে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নিচ্ছেন। এটা চূড়ান্তভাবে শৃঙ্খলা বিরোধী কাজ। শুক্রবার অভিযুক্ত অফিসারদের বয়ান রেকর্ড করা হবে।

এদিকে, বিষয়টি নিয়ে বিজেপি সরব হতেই তৎপর হয়েছে মুখ্যমন্ত্রীর অফিস। বিজেপির বক্তব্য, রাজ্য প্রশাসন জনসাধারণের সমস্যার সমাধান করার পরিবর্তে মুখ্যমন্ত্রীর জন্য আনা সিঙ্গারা, কেক কোথায় গেল তা খুঁজতে বেশি ব্যস্ত। রাজ্যের অসংখ্য অপরাধের কিনারা করতে পারেনি সিআইডি। তাদের সেদিকে নজর দেওয়া দরকার।

এদিকে, মুখ্যমন্ত্রীর অফিস সূত্রে দাবি করা হয়েছে, সুখুর খাবারের তালিকায় কেক, সিঙ্গারা ছিল না। কারণ, চিকিৎসকের পরামর্শে তিনি তেলেভাজা এবং মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন না। তা সত্ত্বেও সিআইডি যদি ওই দুটি খাবার মুখ্যমন্ত্রীর জন্য এনে থাকে তার দায় ওই সংস্থার। মুখ্যমন্ত্রীকে জড়ানো ঠিক হচ্ছে না।

ঘটনার প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট বলছে, মুখ্যমন্ত্রীকে পরিবেশন না করা হলেও সেগুলি তাঁর নিরাপত্তা রক্ষীরা খেয়েছেন। সিআইডি’র এক মহিলা ইন্সপেক্টর কেক ও সিঙ্গারা মুখ্যমন্ত্রীর রক্ষীদের হাতে তুলে দিয়েছিলেন। সেই মহিলা আধিকারিককেও কারণ দর্শানোর নোটিস ধরানো হয়েছে। 

প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট অনুযায়ী গত মাসের শেষে সিমলায় সিআইডির সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানের দিন বাহিনীর আইজি পদমর্যাদার এক অফিসার মুখ্যমন্ত্রীর জন্য র‍্যাডিশন হোটেল থেকে সিঙ্গারা ও কেক আনতে পাঠান দুই সাব ইন্সপেক্টর ও এক কনস্টেবলকে। তাঁরা নির্দিষ্ট সময়ে সেগুলি এনে মহিলা ইন্সপেক্টরের হাতে তুলে দেন। তিনি সেগুলি পর্যটন দফতরের আধিকারিকদের হাতে তুলে দিতে যান। মুখ্যমন্ত্রীর টেবিলে খাবার পরিবেশন করার কথা ছিল পর্যটন দফতরের কর্মীদের। 

প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট বলছে, পর্যটন দফতরের কর্তব্যরত আধিকারিক সেগুলি নিতে চাননি। তিনি জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর মেনুতে কেক, সিঙ্গারা নেই। সিআইডি’র সেই মহিলা আধিকারিক তখন পাঁচতারা হোটেলের সেই কেক, সিঙ্গারা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকদের খেতে দেন।

সিআইডি’র পদস্থ কর্তাদের বক্তব্য, এত বড় একটি সিদ্ধান্ত অধস্তন অফিসারেরা নিজেরা নিয়েছেন। পদস্থদের অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি। মুখ্যমন্ত্রীর জন্য কেক, সিঙ্গারা যখন আইজি পদমর্যাদার অফিসার আনার নির্দেশ দিয়েছিলেন, তখন সেগুলি অন্যদের খেতে দেওয়ার আগে তাঁর অনুমতি নেওয়া উচিত ছিল।

এদিকে, সিআইডি’র শীর্ষস্তরেও এই ঘটনা নিয়ে বিবাদ শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট আইজি কী করে মুখ্যমন্ত্রীর জন্য পাঁচতারা হোটেল থেকে কেক, সিঙ্গারা আনালেন। অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের ভার ছিল পর্যটন দফতরের উপর। মুখ্যমন্ত্রীর অফিস ওই দফতরকে জানিয়ে দিয়েছিল সুখু কী খাবেন আর কী খাবেন না। ফলে মুখ্যমন্ত্রীকে বিতর্কে জড়িয়ে দিয়েছেন কে, ওই অধস্তন পাঁচ আধিকারিক নাকি আইজি স্বয়ং, সে প্রশ্নও উঠেছে। তদন্ত এখনও শেষ হয়নি।


```