
বারাক ওবামা এবং মনমোহন সিং
শেষ আপডেট: 27 December 2024 08:16
দ্য ওয়াল ব্যুরো: দেশের অর্থনীতি সংস্কারে তাঁর অবদানের কথা কেউ অস্বীকার করতে পারবে না। তবে অন্যান্য একাধিক ক্ষেত্রেও যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সাফল্যের সঙ্গে কাজ করেছেন সেটাও মনে রাখা দরকার। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমানবিক চুক্তি নিয়ে তাঁর অধ্যবসায় ছিল চোখে পড়ার মতো। তাই পরবর্তী সময়ে খোদ বারাক ওবামা মনমোহন সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন।
সে সময়ে ভারত আমেরিকার ‘সিভিল নিউক্লিয়ার ডিল (পরমাণু চুক্তি)-এর বিরোধিতা করেছিল বিভিন্ন রাজনৈতিক দল। এমনকী কংগ্রেসের অন্দর থেকেও বিষয়টির জন্য 'সবুজ সঙ্কেত' মেলেনি। ইউপিএ সরকার তখন জোট রাজনীতির অংশ থাকলেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন মনমোহন। বিষয়টি আস্থা ভোট পর্যন্ত গড়ালে বামেরা সমর্থন তুলে নিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই আস্থা ভোট জিতে মনমোহন সিং ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৫-এ চুক্তি নিয়ে যৌথ ঘোষণা করেছিলেন এবং এটি আনুষ্ঠানিকভাবে ২০০৮ সালের অক্টোবরে কার্যকর হয়েছিল।
এর ঠিক ২ বছর পর কানাডার টরন্টোতে জি-২০ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মনমোহন সিংকে প্রশংসায় ভরিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বলেছিলেন, ''আমি নিশ্চিতভাবে বলতে পারি, প্রধানমন্ত্রী যখন কথা বলেন, তখন সকলেই সেই কথা শোনেন।''
বৃহস্পতিবার ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। দিল্লির এইমস-এ তাঁকে ভর্তি করা হয়েছিল প্রবল শ্বাসকষ্ট নিয়ে। প্রথমে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল বর্ষীয়ান এই রাজনীতিককে। পরে তাঁকে আইসিইউয়ে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে দেশ তো শোকে বিহ্বল হয়েই পড়েছে। বিদেশের একাধিক নেতাও এই খবরে শোকাহত।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে প্রয়াত প্রধানমন্ত্রীর। তাঁকে শ্রদ্ধা জানিয়ে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হতে পারে বলে খবর কেন্দ্রীয় সরকার সূত্রে।