
শেষ আপডেট: 7 December 2023 21:53
দ্য ওয়াল ব্যুরো: কেমন হবে ভারতের প্রথম বুলেট ট্রেনের টার্মিনাল? বৃহস্পতিবার তারই প্রস্তাবিত ভিডিও প্রকাশ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আহমেদাবাদের সবরমতি মাল্টিমোডাল পরিবহণ কেন্দ্রে তৈরি হবে দেশের প্রথম বুলেট ট্রেন টার্মিনাল। দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে আধুনিক দিনের স্থাপত্য কীভাবে মিলেমিশে থাকবে এই টার্মিনালে তারই আভাস এদিনের প্রকাশিত ভিডিওতে দিয়েছেন রেলমন্ত্রী।
অত্যাধুনিক এবং আধুনিক বৈশিষ্ট্যে সজ্জিত এই টার্মিনালটি থেকে আগামী দিনে আহমেদাবাদ এবং মুম্বইয়ের মধ্যে বুলেট ট্রেন চলাচল করবে। জানা গেছে, জাপান সরকারের কারিগরি ও আর্থিক সহায়তায় এই বুলেট ট্রেন প্রকল্পটি তৈরি হচ্ছে। এর ফলে মুম্বই থেকে আহমেদাবাদ পৌঁছনো যাবে মাত্র ২ ঘণ্টা ৭ মিনিটে।
ঘণ্টায় ৩৫০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন। সংশ্লিষ্ট প্রকল্পে টানেল এবং সমুদ্রের নিচে ৫০৮ কিলোমিটার দৈর্ঘ্যের একটি ডাবললাইন তৈরি করা হবে।
Terminal for India's first bullet train!
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 7, 2023
????Sabarmati multimodal transport hub, Ahmedabad pic.twitter.com/HGeoBETz9x
২০১৭ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬ বছরের ব্যবধানে প্রকল্পের প্রস্তাবিত টার্মিনালের ভিডিও সামনে আনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
শিলান্যা্সের সময় সরকার অনুমান করেছিল, যে প্রকল্পটি রূপায়ণে ব্যয় হবে প্রায় ১ লক্ষ ৮ হাজার কোটি টাকা। প্রকল্প মোট ব্যয়ের ৮১ শতাংশ ০.১ শতাংশ হারে ভারতকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। ০.০১ শতাংশ সুদের হারে ৫০ বছরের মধ্যে ওই ঋণ শোধ করতে হবে ভারতকে।
আহমেদাবাদে বুলেট ট্রেনের নয়া এই ঝাঁ চকচকে টার্মিনাল তৈরি হওয়ার পর আগামীদিনে দিল্লি-বারানসী, দিল্লি-আহমদাবাদ, মুম্বই-নাগপুর, মুম্বই-হায়দ্রাবাদ, চেন্নাই – মহীশূর এবং দিল্লি-অমৃতসরের মধ্যে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের।