
মোহন ভাগবত।
শেষ আপডেট: 12 October 2024 10:56
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনায় বিজয়া দশমীর ভাষণে সরব হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। তাঁর কথায়, পড়শি দেশে হিন্দুরা গুরুতর বিপদের মধ্যে আছেন।
শনিবার সকালে প্রথামাফিক নাগপুরে আরএসএসের সদর দফতরে বিজয়া দশমীর ভাষণ দিয়েছেন ভাগবত। সঙ্ঘ অনুগামীদের কাছে আরএসএস প্রধানের দশমীর ভাষণ খুবই গুরুত্বপূর্ণ।
ভাষণের এক পর্যায়ে ভাগবত বলেন, শেখ হাসিনা দেশত্যাগ করার পরই বাংলাদেশে কিছু মানুষের মধ্যে পাকিস্তান প্রেম জাগ্রত হয়েছে। তারা বলছে, পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করে হিন্দুস্থানকে চাপে রাখা যাবে। ভাগবত বলেন, বাংলাদেশে যে দেশ এই ধরনের প্রচারে উসকানি দিচ্ছে তাদের নাম আমরা বলতে চাই না। তবে তারা ভারতেরও অনিষ্ট করতে চায়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদ সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছে, হাসিনা দেশত্যাগ করার পর পরবর্তী সতেরো দিনে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর হামলার ২০১০টি ঘটনা ঘটেছে। ২০ অগাস্টের পরও হামলার একাধিক ঘটনা ঘটে।
দুর্গাপুজোর আগে থেকে শুরু হয় মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরের ঘটনা। পুজো শুরুর মুখে মার্কিন প্রশাসন বাংলাদেশ সরকারকে বিশেষভাবে সতর্ক করেছিল হিন্দুদের দুর্গাপুজোয় যেন কোনও অশান্তি না হয়। পুজোয় বাধা দেওয়ার ঘটনা বন্ধ করতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রকও আশা প্রকাশ করে বাংলাদেশ সরকার হিন্দুদের দুর্গাপুজো এবং বৌদ্ধদেব কঠিন চীবরদান উৎসব পালনে সব ধরনের ব্যবস্থা করবে।
যদিও বাস্তবে উল্টো ঘটনা ঘটেছে। বহু মন্দির, প্যান্ডেলে পুজোর মধ্যেও হামলা হয়েছে। চট্টগামে পুজোর সাংস্কৃতিক মঞ্চে ইসলামী সঙ্গীত পরিবেশন করা নিয়ে তুমুল অশান্তি হয়েছে। শুক্রবার রাতে খাস রাজধানী ঢাকায় একটি পুজো মণ্ডপে প্রতিমা লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়া হয়।