
কুয়োয় আটকে থাকা চেতনা
শেষ আপডেট: 28 December 2024 18:04
দ্য ওয়াল ব্যুরো: আজ অর্থাৎ শনিবার ধরলে টানা ৬ দিন ৭০০ ফুটের কুয়োর ১৫০ ফুট গভীরে আটকে রয়েছে ৩ বছরের চেতনা। একাধিক যন্ত্রপাতি ব্যবহার করেও এখনও উদ্ধার করা যায়নি ছোট্ট মেয়েটিকে। এরপরই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন এত দেরি, উদ্ধারকার্যে সরকারের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম নেই কেন? কেন এত উদাসীনতা ইত্যাদি ইত্যাদি।
চেতনার মায়ের শারীরিক অবস্থাও খারাপ। সোমবার থেকে তিনি না খেয়ে রয়েছেন। তাঁর প্রশ্ন, 'ছ'দিন প্রায় পার হয়ে গিয়েছে। এখনও মেয়েটা জল-খাওয়া ছাড়া রয়েছে। এই যদি সে কালেক্টরের মেয়ে হত তাহলে এই উদাসীন আচরণ করতে পারত প্রশাসন?'
গোটা গ্রামের এখন একটাই প্রার্থনা চেতনাকে যেন জীবন্ত উদ্ধার করা যায়। চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে উদ্ধারকারীদের। বারবার উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়। এছাড়াও উদ্ধারকার্যে ব্যবহৃত পর্যাপ্ত যন্ত্র স্থানীয় প্রশাসনের কাছে ছিল না। হরিয়ানার বেসরকারি সংস্থার থেকে তা আনতে হয়। যে কারণে অনেকটা সময় পেরিয়ে যায়।
তবে খানিকটা আসার কথা এই যে, সমস্ত বাধা কাটিয়ে কুয়োর পাশে খোঁড়া গর্ততে কেসিং পাইপ প্রবেশ করানো হচ্ছে। তারপর নব্বই ডিগ্রি কোণে হাতে খনন করে চেতনার কাছে পৌঁছবেন উদ্ধারকারীরা। এর মধ্যে চেতনা যাতে আরও গভীরে না চলে যায় তার জন্য একটি হুক দিয়ে তাকে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে।