
শেষ আপডেট: 30 March 2024 09:39
দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার এবং কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করার ঘটনায় ভারতে ‘রাজনৈতিক অস্থিরতা’ তৈরি হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। জার্মানি, আমেরিকার পর এ ব্যাপারে মন্তব্য করেছে রাষ্ট্রপুঞ্জও।
রাষ্ট্রপুঞ্জ বলেছে, ‘‘আমরা আশা করব, প্রত্যেক ভারতীয়ের রাজনৈতিক এবং নাগরিক অধিকার যেন অক্ষুণ্ণ থাকে।’’
এমন আবহে নাম না করে রাষ্ট্রপুঞ্জকে পাল্টা বার্তা দিলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। উপরাষ্ট্রপতির দাবি, "ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা অনন্য। আইনের শাসনের বিষয়ে কারও কাছ থেকে পাঠ পড়ার প্রয়োজন নেই ভারতের।’’
শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধনকড়। সেখানেই একথা বলেন তিনি। ধনকড়ের দাবি, "আইনের চোখে সবাই সমান, এ বিষয়ে ভারত নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।"
এই প্রসঙ্গে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া বা কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে বিরোধীদের তোলা এজেন্সি-রাজের অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি।
ধনকড়ের কথায়, "ভারত কোনও দুর্নীতিকেই প্রশ্রয় দেয় না। ফলে অপরাধীর বিরুদ্ধে আইন মেনেই বিচার হবে। এ ব্যাপারে ভারত অন্যের কাছ থেকে জ্ঞান শুনবে না।"
ভারতের বিদেশনীতি সাবালক। ঘরোয়া রাজনৈতিক ব্যাপারে অন্য কোনও রাষ্ট্রের নাক গলানো নয়াদিল্লি কখনও বরদাস্ত করে না। এই অবস্থান কেবল নরেন্দ্র মোদী জমানায় নেওয়া হয়েছে তা নয়, ইন্দিরা গান্ধীর আমল থেকেই নয়াদিল্লির বিদেশনীতির এই অবস্থান রয়েছে।
তাই কেজরিওয়ালের ব্যাপারে জার্মানি, আমেরিকা বা রাষ্ট্রপুঞ্জ কী বলছে তাতে আমল দেওয়া হচ্ছে না বলেই জানাচ্ছে সাউথ ব্লক। তবে কূটনৈতিক সূত্রের মতে, সরকার মুখে যাই বলুক, আন্তর্জাতিক কূটনীতিতে এতে ভাল হচ্ছে না নয়াদিল্লির। ভারতে গণতন্ত্র কতটা সুরক্ষিত সেই প্রশ্নের মুখে পড়তে হতে পারে সাউথ ব্লককে।