
প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 February 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইতে বাঙালি যুবতীকে অপহরণ করে শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় দায়ের হয়েছে মামলা। মহিলা পুলিশের তরফে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
যুবতীর বক্তব্য, তিনি চেন্নাইয়ের কিলাম্বক্কম বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। একটি গাড়ি এসে তাঁকে তুলে নেয়। গাড়িতে সেই মুহূর্তে শুধু চালক ছিলেন। পরে তিনি কাউকে ফোন করেন ও মাঝ রাস্তা থেকে দুজন ওঠেন। যাঁরা গাড়ির দুটো দরজা আটকে দেন। অভিযোগ, তাঁকে ছুরি দেখিয়ে শ্লীলতাহানি করা হয়। পরে চিৎকার শুনে নামিয়ে দেওয়া হয় ও তুলে দেওয়া হয় একটি অটোতে।
যে অটোয় তাঁকে তোলা হয়েছিল তার চালক মোহন জানান, রাত সাড়ে ১১ টা নাগাদ তাঁর অটোর কাছে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়িতে এক যুবতী ছিলেন। ওই যুবতীকে কিলাম্বক্কম বাস স্ট্যান্ডে নামিয়ে দিতে বলা হয়। অটোয় তোলার পর যুবতী কেঁদে ফেলেন। তার অবস্থা দেখে খুব একটা ভাল লাগেনি মোহনের।
পরে যুবতী সাহায্য চান মোহনের কাছে। নিয়ে যেতে বলেন একটি পুলিশ স্টেশনে। যুবতীর ফোনে চার্জ না থাকায় মোহনের ফোন ব্যবহার করেই পরিবারের লোকজন ও পুলিশকে সবকিছু জানান। রাত প্রায় ৩টে ৪৫ পর্যন্ত মোহন তাঁকে সাহায্য করেন। পুলিশ আসলে তিনি ফিরে যান।
মোহন বলেন, 'ওই যুবতী তামিল বা দক্ষিণ ভারতের তেমন কোনও ভাষা বলতে জানেন না। তাই প্রথমেই আমাকে জিজ্ঞাসা করে নেন, আমি হিন্দি বলতে পারি কি না। হিন্দি বলতে ও বুঝতে পারি জানার পর তিনি বিষয়টি আমার সঙ্গে শেয়ার করেন। প্রথমে পুলিশ স্টেশন পৌঁছে দেওয়ার কথা বললেও পরে বলেন ওই বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে। আমি রাত ৩টে ৪৫ পর্যন্ত ছিলাম ওঁর সঙ্গে।'
এই ঘটনা সামনে আসার পরই এনিয়ে তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই আওয়াজ তুলেছেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি বলেন, 'ভাল মানুষ ছিল বলে তিনি উনি বেঁচে গেলেন। তামিলনাড়ুজুড়ে বেড়ে গিয়েছে এই ধরনের ঘটনা। ড্রাগ সহজেই পেয়ে যাচ্ছে মানুষজন। ২০২২ থেকে ২০২৪ এর মধ্যে মোটে ১,১২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ২০২১-এই যেখানে শুধুমাত্র ৯,৬৩২ জনকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে গাঁজা ও অন্যান্য মাদক বিক্রি বেড়ে গিয়েছে। তাও অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এমন হলে কীভাবে চলবে।'
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। যুবতীকেও বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।