
নির্ধারিত সময়ের তিনদিন আগেই দেশে ঢুকছে বর্ষা
শেষ আপডেট: 14 May 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে টানা বৃষ্টির জেরে গরমের হাত থেকে খানিকটা স্বস্তি মিলেছে। তবে মঙ্গলবার থেকে ফের দক্ষিণবঙ্গে বেড়েছে তাপমাত্রা। যদিও এদিনও দুপুরের দিকে শহরতলির কিছু কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। এসবের মধ্যেই এবার বর্ষার আগমন নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে দেশে বর্ষা ঢুকবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই হাজির হতে চলেছে বর্ষা! সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ মে রবিবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করবে। তারপর ধীরে ধীরে কেরল এবং বাংলায় আসবে বর্ষা।
আবহাওয়া দফতরের ক্যালেন্ডার অনুযায়ী, আন্দামানে মৌসুমী বায়ু প্রবেশের নির্ধারিত দিন ২২ মে। এরপর ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা প্রবেশের নির্ধারিত দিন ১ জুন। এরপর ধাপে ধাপে গোটা দেশে ৮ জুলাইয়ের মধ্যে মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ার কথা। এবার স্বাভাবিকের থেকে ৭ থেকে ১১ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হতে পারে দেশে।
প্রতিবারই বাংলায় উত্তরবঙ্গে আগে বর্ষা প্রবেশ করে। অন্যান্য বছর মোটামুটি ৭ জুনের মধ্যে জলপাইগুড়ি জেলাতে বর্ষা পৌঁছে যায়। মৌসুমী বায়ু সাধারণত দ্বিতীয় সপ্তাহেই দক্ষিণবঙ্গে প্রবেশ করে। কলকাতায় বর্ষা প্রবেশের নির্ধারিত দিনক্ষণ ১১ জুন। তবে অনেক মরশুমেই একইসঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করে মৌসুমী বায়ু। আন্দামানে আগে এলেও এবার ঠিক কবে বঙ্গে বর্ষার দেখা মেলে সে দিকেই নজর আবহাওয়াবিদদের।
আপাতত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী অন্তত পাঁচ দিন ধরে লাগাতার বাড়তে থাকবে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪ দিনে গাঙ্গেয় বঙ্গে অন্তত ৩ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
কলকাতায় গুমোট গরম ভোগাবে। বিকেলের দিকে হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা ধাপে-ধাপে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।