বিহারে আগামী ৬ ও ১১ নভেম্বর দু’দফায় ভোট হবে এবং ভোট গণনা আগামী ১৪ নভেম্বর (Bihar Election 2025)। অমিত শাহ বলেন, “২০০৫ সালের পর থেকে বিহারে আইনশৃঙ্খলা ও পরিকাঠামোয় যে পরিবর্তন এসেছে, তা মানুষ নিজের চোখে দেখেছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 2 November 2025 00:17
দ্য ওয়াল ব্যুরো: বিহারের বিধানসভা নির্বাচনকে (Bihar Election 2025) কেন্দ্র করে সরগরম জাতীয় রাজনীতি। চলতি মাসেই দু'দফায় ভোট হতে চলেছে বিহারে। আর সেই ভোটে ফের একবার এনডিএ-ই জিতবে, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কার্যত এও স্পষ্ট করে দেন যে, নির্বাচনে জিতলে নীতীশ কুমারই (Nitish Kumar) ফের মুখ্যমন্ত্রী হবেন।
অমিত শাহ বলেন, "নীতীশ কুমারই (Nitish Kumar) মুখ্যমন্ত্রী, তাঁর নেতৃত্বেই এনডিএ লড়ছে।” পাশাপাশি দাবি করেন, 'এই নির্বাচনে এনডিএ ২৪৩টি আসনের মধ্যে অন্তত ১৬০টি আসনে জয়ী হয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে।'
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি আগেও ৫০ বার বলেছি, আমরা নীতীশ কুমারের নেতৃত্বে লড়ছি। তিনি মুখ্যমন্ত্রী এবং তাঁর নেতৃত্বেই নির্বাচনে অংশ নিচ্ছি।” যদিও মুখ্যমন্ত্রী পদে কে থাকবেন তা নির্বাচন পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। নীতীশ কুমারের স্বাস্থ্যের বিষয়ে বিরোধীদের উদ্বেগ প্রসঙ্গে শাহ বলেন, "নীতীশজি প্রতিদিন পাঁচটি সভা করছেন, সম্পূর্ণ সক্রিয় আছেন। তাঁর নেতৃত্বে আমরা আত্মবিশ্বাসী।"
বিরোধী জোট মহাগঠবন্ধনের ইস্তেহার নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি কাজ, রোজগার আর উন্নয়নের। কিন্তু বিরোধীরা দিচ্ছে শুধু বিশৃঙ্খলা আর নিজেদের মধ্যে লড়াই।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, 'এনডিএ একজোট হয়ে উন্নয়নের পথে এগোচ্ছে।' তিনি এই জোটকে মহাভারতের পঞ্চ পাণ্ডবের সঙ্গে তুলনা করে বলেন, “আমরা একসঙ্গে কাজ করছি, মানুষের বিশ্বাসই আমাদের শক্তি।” প্রসঙ্গত, বর্তমানে এনডিএ-তে রয়েছে বিজেপি, জনতা দল (ইউনাইটেড), লোক জনশক্তি পার্টি (রামবিলাস), হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা।
বিহারে আগামী ৬ ও ১১ নভেম্বর দু’দফায় ভোট হবে এবং ভোট গণনা আগামী ১৪ নভেম্বর (Bihar Election 2025)। অমিত শাহ বলেন, “২০০৫ সালের পর থেকে বিহারে আইনশৃঙ্খলা ও পরিকাঠামোয় যে পরিবর্তন এসেছে, তা মানুষ নিজের চোখে দেখেছে। আগে আলোচনা হতো ডাকাতি, হত্যা আর লুঠ নিয়ে, এখন আলোচনা হয় উন্নয়ন আর কর্মসংস্থান নিয়ে।”
বিহারে উন্নয়নের কিছু খতিয়ানও তুলে ধরেন শাহ। তিনি বলেন, "গঙ্গার উপর চারটি নতুন সেতু তৈরি হয়েছে, আরও দশটি পরিকল্পনায় রয়েছে। মহিলাদের স্বনির্ভর করতে সিড মানি প্রকল্প ও স্ব-নিযুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে।" এছাড়াও মাওবাদী সহিংসতা কমে এসেছে, রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে বলেও দাবি করেন তিনি।
বিরোধী শিবিরে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হলেও, এনডিএ-র দিক থেকে বারবার এই বার্তাই দেওয়া হচ্ছে, 'নীতীশ কুমারই প্রধান মুখ।' নির্বাচনের আগে এই স্পষ্ট বার্তায় বিহার রাজনীতিতে ফের নতুন গতি এনেছেন অমিত শাহ।