
কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।
শেষ আপডেট: 15 October 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরসুম শেষ হতে না হতেই মঙ্গলেই ভোটের বাদ্যি বাজাতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের সঙ্গেই বিভিন্ন রাজ্যের শূন্য পদগুলিতে হতে পারে উপনির্বাচন। যার মধ্যে একটি কেরলের অতিবৃষ্টির জেরে ধসে বিধ্বস্ত ওয়ানাড। যে কেন্দ্র থেকে জিতেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু, উত্তরপ্রদেশের রায়বরেলি কেন্দ্রটি বেছে নেওয়ায় ওয়ানাড কেন্দ্রটির এমপি পদ শূন্য হয়। এবার সেই কেন্দ্র থেকে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।
দুই গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা ভোট ছাড়াও নির্বাচন কমিশন এদিনই কেরলের ওয়ানাড, মহারাষ্ট্রের নান্দেড় এবং পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করতে পারে। এছাড়াও দেশজুড়ে অন্তত ৪৭টি শূন্য বিধানসভা উপভোটের দিন জানাতে পারে বলে আশা করা হচ্ছে। বসিরহাটের তৃণমূল এমপি হাজি শেখ নুরুল ইসলাম ও নান্দেড়ের কংগ্রেস এমপি বসন্ত চ্যবনের প্রয়াণে এই দুই আসন শূন্য হয়েছে।
প্রসঙ্গত, ওয়ানাড কংগ্রেসের পুরনো জেতা আসন। ২০১৯ সালে রাহুল গান্ধী এই কেন্দ্র থেকেই জিতে লোকসভায় পা রেখেছিলেন। কেননা সেবার উত্তরপ্রদেশের আমেঠি কেন্দ্রে তিনি হেরে গিয়েছিলেন বিজেপির স্মৃতি ইরানির কাছে। তারপর বিভিন্ন রাজনৈতিক জল উঁচু, জল নিচু ঘটনাপ্রবাহে সাংসদ পদ থেকে বিতাড়িত ও পুনরুদ্ধার ঘটে রাহুলের। চলতি বছরে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট গড়ে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী লোকসভায় লড়াই করে।
তা সত্ত্বেও সিপিআই সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজা এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটে প্রশ্ন তুলে দেন। কিন্তু তাতেও বর্তমানে বিরোধী দলনেতা রাহুল এই কেন্দ্র থেকে ৩ লক্ষ ৬৪ হাজার ৪২২ ভোটের ব্যবধানে জেতেন। সিপিআইয়ের অ্যানি রাজা পেয়েছিলেন ২ লক্ষ ৮৩ হাজার ২৩টি ভোট। তৃতীয় স্থানে থাকা বিজেপির কে সুরেন্দ্রন পান ১ লক্ষ ৪১ হাজার ৪৫ ভোট।
পরিসংখ্যান অনুযায়ী, দাদার সাড়ে ৩ লক্ষ ব্যবধানের মার্জিনকে পুঁজি করে ওয়ানাড জয়ে নামতে চলেছেন প্রিয়ঙ্কা। আর তার জমি তিনি তৈরি করে রেখেছেন প্রাকৃতিক বিপর্যয়ের সময় থেকেই। ভূমিধসে বিপর্যস্ত ওয়ানাডে দাদা-বোন মিলে উদ্ধারকাজ দেখতে পীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। সেই হিসেবে সিপিআই উপনির্বাচনে প্রার্থী না দিলে বিজেপি বিরোধী ভোটও এককাট্টা হওয়ার আশা রয়েছে।