ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি
শেষ আপডেট: 12 February 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: রান্নার জন্য ব্যবহার করা হচ্ছে বাথরুমের জল! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটে গেল মধ্যপ্রদেশের জব্বলপুরে। সেখানকার নেতাজি সুভাষ চন্দ্র বসু মেডিকেল কলেজের পড়ুয়াদের মুখে সেই খাবার তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি ধরা পড়তেই শুরু হয়েছে বিতর্ক।
সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মেডিকেল কলেজের পড়ুয়াদের জন্য তৈরি করা রান্নায় ব্যবহার করা হচ্ছে বাথরুমের কলের জল। নির্দ্বিধায় সে কাজ করে যাচ্ছেন কলেজের ক্যান্টিন কর্মীরা। ছবিটা সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কীভাবে এমন পদক্ষেপ নেওয়া হল তা নিয়ে উঠছে প্রশ্ন।
জানা গেছে, ৬ ফেব্রুয়ারি মেডিকেল কলেজে সারা দেশের চিকিৎসক এবং চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় স্তরের চিকিৎসা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন অংশগ্রহণকারীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। সেই খাবার রান্না হচ্ছিল অপরিষ্কার বাথরুমের জল দিয়ে।
जबलपुर के सरकारी मेडिकल कॉलेज में राष्ट्रीय स्तर का कॉन्फ्रेंस था, एक वीडियो वायरल हुआ जिससे ऐसा लग रहा है कि खाना शौचालय में लगे नल के पानी से बना, प्रशासन का कहना है इस पानी से सिर्फ बर्तन धुले, जांच के आदेश दिए गए हैं pic.twitter.com/gl3CP88v6r
— Anurag Dwary (@Anurag_Dwary) February 11, 2025
যদিও কলেজের ডিনের সাফাই, খাবার তৈরির সময় ওই জল ব্যবহার করা হয়নি। বাথরুমের কল থেকে নেওয়া জলে শুধুমাত্র নোংরা বাসন পরিষ্কার করা হয়েছে। ভিডিওটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
বিতর্ক শুরু হতেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। চিফ মেডিক্যাল অফিসার ডাঃ সঞ্জয় মিশ্র বলেন, "অনুষ্ঠানটি নিউ অ্যাকাডেমিক ব্লকে হয়েছিল। মাঝে মাঝে এর পিছনের খোলা জায়গায় খাবার রান্না করা হয়। ভিডিওটিতে বাথরুমের জলের ব্যবহার দেখা গেলেও, আমরা জানতে পেরেছি, শুধুমাত্র বাসন ধোয়ার জন্যই জল ব্যবহার করা হয়েছিল। তবে, যেহেতু এটি আমাদের নজরে এসেছে, তাই ডিনের কাছে উত্তর চাওয়া হয়েছে।"
তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটেননি পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, ডিন সত্যি বলছেন না। ভিডিওতে দেখা গেছে বাথরুমের জলেই খাবার রান্না হচ্ছিল। দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা।