গত তিন বছর ধরে ওয়াসিম পাকিস্তানি এজেন্টদের কাছে মোবাইলের সিম কার্ড সরবরাহ করছিলেন। তাঁর ফোন থেকে উদ্ধার হয়েছে একাধিক সন্দেহজনক নথি, হোয়াটসঅ্যাপ চ্যাট।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 6 October 2025 15:36
দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবার জ্যোতি মালহোত্রার পর হরিয়ানা থেকে আরও একটা নাম উঠে এল পাক গুপ্তচরবৃত্তির অভিযোগের তালিকায়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (Inter-Services Intelligence)-এর হয়ে কাজ করার অভিযোগে ওয়াসিম আক্রম নামের এক ইউটিউবারকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এক সর্বভারতীয় সংবাদসংস্থার সূত্র মারফত জানা গিয়েছে, পালওয়াল জেলার কোট গ্রাম থেকে ওই তাঁকে আটক করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, গত তিন বছর ধরে ওয়াসিম পাকিস্তানি এজেন্টদের কাছে মোবাইলের সিম কার্ড সরবরাহ করছিলেন। তাঁর ফোন থেকে উদ্ধার হয়েছে একাধিক সন্দেহজনক নথি ও হোয়াটসঅ্যাপ চ্যাট। এমনকী সাইবার সেলের সাহায্যে তাঁর ডিলিট করে দেওয়া বার্তাগুলিও পুনরুদ্ধার করা হয়েছে।
এর আগে পাকিস্তানি গুপ্তচর তৌফিককে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেরায় তৌফিক জানিয়েছিল, ওয়াসিম আক্রম পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।
তদন্তে আরও প্রকাশ পেয়েছে, ২০২১ সালে পাকিস্তানের ভিসা পাওয়ার চেষ্টা করছিল ওয়াসিম। তখন তাঁর যোগাযোগ হয় পাকিস্তানি এজেন্ট দানিশের সঙ্গে। তখন থেকেই তিনি সীমান্তপারের যোগাযোগে সক্রিয় হয়ে ওঠেন বলে অভিযোগ।
ওয়াসিম আক্রমের পরিবার অবশ্য তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু তদন্তকারী সংস্থার দাবি, তিনি নিয়মিত পাকিস্তানি এজেন্ট এবং ভারতের পাকিস্তান হাই কমিশনের সদস্যদের সঙ্গে ইন্টারনেট কলের মাধ্যমে যোগাযোগ রাখতেন।
হরিয়ানার এসপি সিংলা জানিয়েছেন, “দুই অভিযুক্তই পাকিস্তান হাই কমিশন ও আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখত। তাদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।”