
ফাইল ছবি
শেষ আপডেট: 30 April 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) ভয়াবহ দুর্ঘটনা। মন্দিরের দেওয়াল (Temple Wall Collapse) ভেঙে পড়ে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি বহু ভক্ত আহত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে কারণ, ধ্বংসস্তুপের তলায় আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
বুধবার সকালে বিশাখাপত্তনমের শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে ভক্তদের ঢল নেমেছিল। পালিত হচ্ছিল চন্দনোৎসব। সেই সময়েই মন্দিরের ২০ ফুট লম্বা একটা অংশ ভেঙে পড়ে। ধসের কারণে মুহূর্তের মধ্যে বেশ কয়েকজন দেওয়ালের নীচে চাপা পড়ে যান। কয়েক ঘণ্টার মধ্যে ৮ জনের দেহ উদ্ধার হয়। তাদের মধ্যে ১ জন জীবিত ছিলেন। তাঁকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
ইতিমধ্যে এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানান, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে, অন্দ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা এবং আহতদের ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।
কিন্তু প্রশ্ন হল, কীভাবে ঘটে গেল এই দুর্ঘটনা? আহতদের অনেকে বলছেন, সকলে উৎসবের মধ্যেই ছিলেন। আচমকা বিকট শব্দ হয় এবং অনেকে চাপা পড়ে যান। অভিযোগ, ২০ ফুটের দেওয়াল এভাবে একদিনে ভেঙে পড়ার কথা নয়। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। মনে করা হচ্ছে, আগে থেকেই দেওয়ালে কোনও ফাটল ছিল। তা থেকেই বিপত্তি ঘটেছে।