
শেষ আপডেট: 11 January 2024 12:03
দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় রামলালার ভোগ রাঁধবেন বিষ্ণু। তবে এ বিষ্ণু কিন্তু সেই ‘বিষ্ণু’ নন। বিখ্যাত রন্ধনশিল্পী বিষ্ণু মনোহরই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সাত হাজার কেজি ভোগ তৈরি করবেন। ১৪০০ কেজির কড়াইতে তৈরি হবে সেই 'রাম হালুয়া'। যার ভাগ পাবেন দেড় লক্ষেরও বেশি দর্শনার্থী
আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে গোটা দেশে সাজো সাজো রব শুরু হয়েছে। সেই অনুষ্ঠানে ৭ কেজি ওজনের বিশেষ হালুয়া প্রস্তুত করবেন নাগপুরের বাসিন্দা বিষ্ণু মনোহর। যার নাম রাঁধুনি নিজেই দিয়েছেন 'রাম হালুয়া'। ১৪০০ কেজি খাবার একসঙ্গে প্রস্তুত করা যাবে, এমন বিশাল কড়াইতে ওই 'রাম হালুয়া' প্রস্তুতের তোড়জোড় করছেন বিষ্ণু।
নিজেকে বরাবর ‘করসেবক’ বলে পরিচয় দিয়ে এসেছেন বিষ্ণু। তাই রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত তিনি। ঠিক কী কী থাকবে এই বিশেষ হালুয়ায়? শেফ জানিয়েছেন, ৯০০ কেজি সুজি, ৪০ কেজি এলাচ এবং জায়ফলের গুড়ো, ৩০০ কেজি ড্রাই ফ্রুট, এক কেজি গরুর দুধের ঘি, এক কেজি চিনি এবং ২,৫০০ লিটার জল দিয়ে তৈরি হবে শিশু রাম তথা রামলালার মহাপ্রসাদ। ১০-১২ ফুটের খুন্তি দিয়ে ওই রাম হালুয়া রান্না করা হবে।
অনুষ্ঠানের দু'দিন আগে অর্থাৎ ২০ জানুয়ারির মধ্যেই বিষ্ণু ও তাঁর সহযোগীদের অযোধ্যায় পৌঁছে যাওয়ার কথা রয়েছে । যদিও এরই মধ্যে রান্নাঘরের জায়গা, রান্নার ব্যবস্থা সবই দেখে এসেছেন তিনি। সাত হাজার কেজির রাম হালুয়া তৈরি করে বিশ্ব রেকর্ড গড়বেন বলে আশাবাদী মনোহর।