
শেষ আপডেট: 28 December 2023 11:59
দ্য ওয়াল ব্যুরো: ফের দেশজুড়ে করোনা চোখ রাঙাতে শুরু করেছে। এখনও পর্যন্ত করোনা ভয়াবহ আকার না নিলেও মানুষের মধ্যে সংক্রমণ বাড়ছে। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজনীতিবিদ তথা তামিল অভিনেতা বিজয়কান্তর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
দিন কয়েক ধরেই অসুস্থতার কারণে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিজয়কান্তকে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এমনকী তাঁকে ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল। শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ায় এই সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তামিল অভিনেতার।
ডিএমডিকে দলের প্রতিষ্ঠা এই অভিনেতার হাতেই। ২০০৫ সালে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ধীরে ধীরে রাজনীতিক হিসেবে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন বিজয়কান্ত। অনুগামীদের কাছে তিনি 'ক্যাপ্টেন' নামে পরিচিত। অভিনয় জীবন থেকে রাজনীতিতে এসে সাফল্যও পান বিজয়কান্ত।
তবে ২০২২ সাল থেকেই নানান শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই অভিনেতা-রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস রোগে ভুগছিলেন তিনি। এমনকী এই কারণেই তাঁর একটি আঙুলও বাদ দিতে হয়। গত নভেম্বর মাসেও অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে বিজয়কান্তকে ছেড়ে দেওয়া হয় ঠিকই, কিন্তু বাড়িতে কড়া পর্যবেক্ষণে ছিলেন। তবে দিন কয়েক আগেই ফের অসুস্থ হয়ে পড়েন।
চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসা চলছিল বর্ষীয়ান রাজনীতিবিদের। হাসপাতাল জানিয়েছে, নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ায় ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আছে।
দক্ষিণী রাজনীতিতে বিজয়কান্ত খুবই উল্লেখযোগ্য নাম। ডিএমকে এবং এডিএমকে-র মতো দলগুলিকে চাপে ফেলতে নিজেই নতুন দল তৈরি করেন বিজয়কান্ত। পোড় খাওয়া রাজনীতিবিদদের সঙ্গে পাল্লা দিয়ে রাজনীতির মঞ্চে লড়াই করে গেছেন তিনি। সেই 'ক্যাপ্টেন' হেরে গেলেন করোনা ও নিউমোনিয়ার মতো রোগের কাছে।