
নির্মলা সীতারমণ
শেষ আপডেট: 18 December 2024 16:22
দ্য ওয়াল ব্যুরো: বিজয় মালিয়া, নীরব মোদী সহ পলাতক একাধিক ব্যবসায়ীদের কয়েক হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সম্প্রতি সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শুধু সম্পত্তি বাজেয়াপ্ত করা নয়, বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে তা ফিরিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছেন, শুধুমাত্র বিজয় মালিয়া, নীরব মোদী বা মেহুল চোকসীদের নয়, দেশজুড়ে এখনও পর্যন্ত আর্থিক প্রতারণায় জড়িত ব্যক্তিদের প্রায় ২২ হাজার ২৮০ কোটি টাকা বাজেয়াপ্ত করে ব্যাঙ্কগুলিতে পাঠানো হয়েছে। এর মধ্যে বিজয় মালিয়ার ১৪ হাজার ১৩১ কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং নীরব মোদীর ১ হাজার ৫২ কোটি টাকা রয়েছে। পাশাপাশি চোকসীর ২ হাজার ৫৬৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) আম নাগরিকদের খোয়া যাওয়া অর্থ বাজেয়াপ্ত করে তা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর স্পষ্ট বার্তা, যে টাকা জনসাধারণের, যে টাকা ব্যাঙ্কে থাকা উচিত তা ব্যাঙ্কেই থাকবে। তা ফেরাতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর।
নির্মলার কথায়, গত কয়েক বছরে ইডি এই কাজের উপরই বিশেষ জোর দিয়েছে। ফলত যারা আমজনতার টাকা লুট করে দেশ ছেড়ে পালিয়েছেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ চলছে।
শুধু ব্যক্তি বিশেষ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়নি। ন্যাশনাল স্পট এক্সেচেঞ্জ লিমিটেড (এনএসইএল) আর্থিক দুর্নীতির তদন্তে নেমে ১৭.৪৭ কোটি টাকার বেআইনি সম্পত্তিও ইডি পুনরুদ্ধার করেছে।